ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ঘোষনার থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।
উৎপাদন পর্যায়ে মূসক প্রত্যাহার করে আমদানি পর্যায়ে আরোপের ফলে মূল্যে এই সমন্বয় করা হয়েছে, যা মঙ্গলবার সন্ধ্যা থেকেই কার্যকর হচ্ছে।
বিইআরসি জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২ ফেব্রুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
নতুন এই ঘোষণায় দাম কমেছে অটোগ্যাসেরও। মাসের শুরুতে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এ দফায় লিটারপ্রতি ২৮ পয়সা কমিয়ে অটোগ্যাসের দাম ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।
-হাসান










