দুই বাংলার সিনেমার দর্শকপ্রিয় মুখ নুসরাত ফারিয়া। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। তারপর নাম লেখান উপস্থাপনায়। নানা অনুষ্ঠানে সপ্রতিভ উপস্থিতিতে নজর কাড়েন তিনি। সিনেমাতেও নাম লেখিয়ে ফারিয়া জয় করেছেন দর্শকহৃদয়। সম্প্রতি এই চিত্রনায়িকা কানাডা সফর শেষে গত ১১ জানুয়ারি দেশে ফিরেছেন। বেশ কয়েকটি স্টেজ শোয়ের জন্য মূলত কানাডা গিয়েছিলেন তিনি।
এমনকি নতুন বছরও ভিন দেশে কেটেছে এই লাস্যময়ী নায়িকার। দেশে ফিরে এরই মধ্যে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। অংশ নেন দ্য ফেম ম্যাগাজিনের কভার ফটোশুটে। এটি শেষ করে আড়ংয়ের একটি বিজ্ঞাপনে কাজ করেছেন। এতে তার সঙ্গে মডেল হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
নতুন বছরের প্রথম কাজ প্রসঙ্গে নুসরাত ফারিয়া আলোকিত স্বদেশকে বলেন, ‘দেশে ফিরেই ম্যাগাজিনের কভার ফটোশুট এবং বিজ্ঞাপনের শুটিং করেছি। নতুন বছরে দেশে প্রথম শুটিং। কাজে থাকলেই ভালো লাগে। আরও নতুন কিছু কাজ নিয়ে কথা চলছে। সবকিছু চূড়ান্ত হলে জানাতে পারব। এ বছর গানে প্রকাশের পরিকল্পনাও রয়েছে।’
গেল বছর নুসরাত ফারিয়া শেষ করেছেন ‘ট্রাইব্যুনাল’ সিনেমার কাজ। শিগগিরই সিনেমাটির একটি গানের দৃশ্যে অংশ নিবেন তিনি। এতে ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। রায়হান খান পরিচালিত সিনেমাটি চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। অন্যদিকে, মুক্তির অপেক্ষায় আছে স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে সরকারি অনুদানে নির্মিত ‘ফুটবল ৭১’ সিনেমাটি।
মাহমুদ সালেহীন খান










