এই সময়ে বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে যত ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে তারমধ্যে দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবািহক নাটক ‘রূপনগর’ রয়েছে বেশ দর্শকপ্রিয়তায় এবং আলোচনায়।
লিটু সাখাওয়াত রচিত ও বাংলাদেশের অত্যন্ত প্রতিথযশা নাট্যনিমাতা কায়সার আহমেদ পরিচালিত ‘রূপনগর’ ধারাবাহিক নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন দিলারা জামান, মাহমুদুল ইসলাম মিঠু, নাজনীন চুমকি, এমিলা হক, আখম হাসান, মুকুল সিরাজ, শ্যামল মাওলা, আনিকা কবির শখ, লাবণ্য লিজা, তানভীর মাসুদ’সহ আরো অনেকে। নাটকটির অন্যতম জনপ্রিয় একটি চরিত্র বাচ্চু চেয়ারম্যান। এই চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু। যাকে মিডিয়াতে সবাই বড় দা মিঠু হিসেবেই চিনেন জানে। তারই স্ত্রী পারভীন চরিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নাজনীন চুমকি।
মাহমুদুল ইসলাম মিঠু বলেন,‘ এক কথায় বাচ্চু চেয়ারম্যানের ভূমিাকয় অভিনয় করে ভীষণ সাড়া পাচ্ছি। যেখানেই যাচ্ছি দর্শক তাদের ভালোবাসা আর অনুভূতি প্রকাশ করছেন। সত্যি বলতে কী কায়সার ভাই ভীষণ গুনী একজন অভিনেতা। তার নির্মিত রূপনগর-দর্শকের ভালোবাসায় জনপ্রিয় হয়ে উঠেছে। আর শিল্পী হিসেবে আমরা দর্শকের ভালোবাসায় মুগ্ধ।’
নাজনীন চুমকি বলেন,‘ এর আগে কায়সার ভাইয়ের নির্দেশনায় একটি ধারাবাহিক ও বেশ কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেছি। কায়সার ভাই ভীষণ ঠান্ডা মাথার একজন গুণী পরিচালক। তার নির্দেশনা আমি ভীষণ উপভোগ করি। রূপনগরে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত আমি।’ নাটকে বাচ্চু চেয়ারম্যানের মা ও পারভীনের শ্বাশুড়ি চরিত্রে অভিনয় করছেন কিংবদন্তী অভিনেত্রী দিলারা জামান। দিলারা জামান বলেন,‘ এর আগেও বিটিভিতে রূপনগর নামের ধারাবাহিক নির্মিত হয়েছিলো, তাতেও অভিনয় করেছিলাম। বহু বছর পর আবারো একই নামে ধারাবাহিক নির্মিত হলো, তাতেও আছি আমি। কায়সার আহমেদকে বিশেষ ধন্যবাদ এতো চমৎকার একটি গল্প নিয়ে নাটক নির্মাণের জন্য। সবচেয়ে বেশি ভালোলাগে সেট-এ ভীষন যত্ন নিয় শিল্পীদের কাছ থেকে অভিনয় আদায় করে নেয়া।’
নির্মাতা কায়সার আহমেদ বলেন,‘ রূপনগর দর্শকের ভালোবাসায় আলোচনায় এসেছে। তাই দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা সকল শিল্পীর প্রতি, দীপ্ত চ্যানেলে প্রতি। আমি সবসময়ই চেষ্টা করি ভালো গল্প নিয়ে নাটক নির্মাণ করতে। রূপনগর তারই প্রয়াস। এরইমধ্যে দর্শকের ভালোবাসায় ১২৭টি পর্ব প্রচারিত হয়েছে। আগামী পর্বগুলো দর্শকের ভালোলাগবে।’ প্রতিদিন সন্ধ্যা ৭টা ও রাত ৯.৩০ মিনিটে নাটকটি প্রচার হয়।
-মাহমুদ সালেহীন খান










