এআই ছবিতে মেতেছেন নেটিজেনরা

ছবি: ব্যবহারকারীদের প্রাপ্ত ছবির কিছু নমুনা

কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মানুষের সম্পর্ক কেমন এ প্রশ্নের উত্তর খুঁজতে এবার মজার এক ট্রেন্ডে মেতেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা। “Create an image how I treated you previously” কিংবা কাছাকাছি এমন প্রম্পট দিয়ে এআইকে ছবি বানাতে বলছেন ব্যবহারকারীরা। আর তাতেই বেরিয়ে আসছে একেকজনের জন্য একেক রকম চমক।

কেউ পাচ্ছেন ভীষণ কোমল, আদুরে ও যত্নে ভরা ছবি যেখানে এআই যেন শিশুসুলভ হাসিতে ভরে আছে। আবার কেউ কেউ পাচ্ছেন ঠিক তার উল্টো চিত্র রূঢ় আচরণ, চাপের মুখে থাকা, বকা খাওয়া বা কাজের বোঝায় নুয়ে পড়া এক এআই চরিত্র। এই বৈপরীত্যই তৈরি করেছে ট্রেন্ডের আসল আকর্ষণ।

একই প্রশ্ন, কিন্তু ভিন্ন ভিন্ন ফল এই অভিজ্ঞতাই এখন নেটিজেনদের আনন্দের মূল উৎস। অনেকে নিজেদের পাওয়া ছবি বন্ধুদের সঙ্গে শেয়ার করছেন, কেউ আবার নিজের প্রোফাইল বা স্টোরিতে পোস্ট করছেন।

“Lol so true” পেইজটিতে দেওয়া একটি পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পোস্টের কমেন্ট সেকশনে হাজারো ব্যবহারকারী তাদের পাওয়া এআই ছবিগুলো শেয়ার করতে থাকেন। কেউ হাসছেন নিজের ‘অতিরিক্ত আদরের’ ছবিতে, কেউ আবার মজা করে স্বীকার করছেন “হ্যাঁ, আমি সত্যিই এআইকে খুব খাটাই!”

কমেন্টে দেখা যাচ্ছে নানা রকম প্রতিক্রিয়া কেউ লিখছেন, “এআই আমার মনের কথা বলে দিয়েছে!”
কেউ আবার বলছেন, “আমি ভাবিনি এতটা সঠিক হবে!” এই ট্রেন্ডের পেছনে রয়েছে মানুষের নিজের আচরণকে নতুনভাবে দেখার এক ধরনের কৌতূহল। এআই এখানে শুধু ছবি বানাচ্ছে না, বরং ব্যবহারকারীর প্রম্পট, ভাষা ও আচরণ থেকে একটি প্রতীকী প্রতিফলন তুলে ধরছে। ফলে ছবিগুলোকে অনেকেই নিছক বিনোদন হিসেবে নয়, বরং আত্ম-বিদ্রূপ বা আত্মানুসন্ধানের মাধ্যম হিসেবেও দেখছেন।

একই সঙ্গে এটি এআই প্রযুক্তির সৃজনশীল দিকটিও তুলে ধরছে। কঠোরতা, মমতা, চাপ, ভালোবাসা এই বিমূর্ত অনুভূতিগুলোকে ভিজ্যুয়াল রূপ দেওয়ার ক্ষমতাই ব্যবহারকারীদের আরও বেশি আকৃষ্ট করছে।

সব মিলিয়ে বলা যায়, এআই নিয়ে ভয় বা সংশয়ের পাশাপাশি এখন নেটিজেনদের একটি বড় অংশ প্রযুক্তিটিকে দেখছেন মজার সঙ্গী হিসেবে। আর এই ট্রেন্ড প্রমাণ করছে কখনো কখনো একটি ছবি শুধু ছবি নয়, বরং নিজের আচরণের আয়নাও হতে পারে।

সাবরিনা রিমি/