তারেকের ভার্চুয়াল বৈঠক ট্রাম্প প্রশাসনের সঙ্গে

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে এই বৈঠকে অংশ নেন তিনি। আধঘণ্টাব্যাপী স্থায়ী এই বৈঠকে মার্কিন প্রশাসনের পক্ষে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার।
বৈঠক সূত্রে জানা গেছে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে দুই দেশের পারস্পরিক শুল্কহার, বিনিয়োগ পরিবেশ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো নিয়ে গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি। অন্যদিকে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির।
বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীর বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গে তারেক রহমানের এই বৈঠকটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং ভবিষ্যতে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নে বিশেষ তাৎপর্য বহন করে।
লামিয়া আক্তার