কাগজে-কলমে বিপিএলের অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচিত রংপুর রাইডার্স লিগ পর্বের শেষ তিন ম্যাচে হেরে চাপে পড়েছে। সিলেট পর্বেই তিন দলের প্লে অফ নিশ্চিত হলেও রংপুরের অবস্থান এখনো নিশ্চিত নয়। এমন পরিস্থিতিতে দলের নেতৃত্বে পরিবর্তন এনেছে ফ্র্যাঞ্চাইজিটি।
এখন থেকে নুরুল হাসানের পরিবর্তে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। চলতি বিপিএলে নুরুল আট ম্যাচের ছয় ইনিংসে ব্যাট করে মাত্র ৩০ রান করেছেন। দলের কোচ মিকি আর্থার জানিয়েছেন, নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে স্বেচ্ছায় অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নুরুল।
৭০ লাখ টাকায় নিলাম থেকে দলে নেওয়া লিটন দাস এত দিন কেবল ব্যাটসম্যান হিসেবেই খেলেছেন, উইকেটকিপিং বা নেতৃত্বের দায়িত্বে ছিলেন না। আট ম্যাচে তিনি ১৩৫ স্ট্রাইক রেটে ১৬২ রান করেছেন। যদিও পারফরম্যান্সের দিক থেকে তিনিও নিজের সেরা ছন্দে নেই।
এখনো রংপুর রাইডার্সের প্লে অফ নিশ্চিত হয়নি। আট ম্যাচে চারটি জয় নিয়ে আট পয়েন্ট অর্জন করে তারা পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী চার ম্যাচে দুটি করে জয় পেয়েছে।
আগামীকাল ঢাকা ক্যাপিটালস এবং পরদিন নোয়াখালীর বিপক্ষে মাঠে নামবে রংপুর। একটি জয় পেলেই সুপার ফোরে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে তাদের।
নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর লিটন দাস বলেন, তার কাছে এই দায়িত্ব খুব বেশি চাপের মনে হচ্ছে না। তিনি বলেন, একটি ম্যাচ জিতলেই দল প্লে অফে উঠবে, যা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচ ধরে এগোতে পারলে ফাইনালে পৌঁছানো সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন লিটন।
-আফরিনা সুলতানা/










