বিপিএল অচলাবস্থায় উত্তাল মিরপুর, গ্যালারিতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে চলমান অচলাবস্থায় উত্তাল হয়ে উঠেছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য ও তার পদত্যাগের দাবিতে ক্রিকেটারদের বয়কট কর্মসূচির প্রভাব এবার মাঠ ছাড়িয়ে গ্যালারিতেও ছড়িয়ে পড়েছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ম্যাচ শুরু না হওয়ায় ক্ষুব্ধ দর্শকেরা ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ফেটে পড়েন।

সিলেট পর্ব শেষে আজ (১৫ জানুয়ারি) থেকে ঢাকায় শুরু হওয়ার কথা ছিল বিপিএলের ঢাকা পর্ব। সূচি অনুযায়ী দুপুর ১টায় নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচ দিয়ে পর্বটি শুরু হওয়ার কথা ছিল। তবে এম নাজমুল ইসলামের পদত্যাগের ঘোষণা না আসায় ক্রিকেটারদের সংগঠন কোয়াব বয়কটের সিদ্ধান্তে অনড় থাকে। ফলে দুই দলের কোনো ক্রিকেটারই নির্ধারিত সময়ে মাঠে নামেননি।

দীর্ঘ সময় অপেক্ষার পর গ্যালারিতে উপস্থিত দর্শকেরা ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। এক পর্যায়ে পুরো স্টেডিয়ামজুড়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান ধ্বনিত হয়।

নিরাপত্তা জোরদার

যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্টেডিয়াম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

বিসিবির চেষ্টা, অনিশ্চিত ম্যাচ

এর আগে কোয়াব জানিয়ে দেয়, দাবি পূরণ না হলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জন করা হবে। রাতভর বৈঠক এবং ম্যাচ শুরুর আগে দফায় দফায় আলোচনা হলেও ক্রিকেটারদের অবস্থান পরিবর্তন করতে পারেনি বিসিবি।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু পরিস্থিতিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বলেন, বিসিবি আজকের দুটি ম্যাচই আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করছে, তবে প্রথম ম্যাচ সময়মতো শুরু হওয়ার সম্ভাবনা কম।

কোয়াবের সংবাদ সম্মেলন অনিশ্চিত

এদিকে পদত্যাগের ঘোষণা না আসায় ম্যাচের সময়েই ঢাকার হোটেল শেরাটনে সংবাদ সম্মেলনের ডাক দেয় কোয়াব। ছয় দলের ক্রিকেটারদের সেখানে এক হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পার হয়ে গেলেও সংবাদ সম্মেলন শুরু হয়নি।

-এমইউএম