কাতার থেকে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন উন্নত দেশে অভিবাসনের প্রলোভন দেখিয়ে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। প্রতারণার শিকার হয়ে অনেক প্রবাসী সর্বস্বান্ত হওয়ার অভিযোগ পাওয়ার পর বুধবার (১৪ জানুয়ারি) কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দিয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাতারের কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান ইউরোপ এবং আমেরিকার ‘স্বপ্নীল উন্নত জীবনের’ মিথ্যা আশ্বাস দিয়ে সাধারণ বাংলাদেশিদের প্রলোভন দেখাচ্ছে। উন্নত দেশে স্থায়ী বসবাসের প্রসেসিং ফি বা ভিসার নামে এসব চক্র বাংলাদেশিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। পরবর্তী সময়ে এই প্রলোভনের বশবর্তী হয়ে অনেক প্রবাসী বিপুল অর্থ ব্যয় করে প্রতারিত ও নিঃস্ব হচ্ছেন।
ইতোমধ্যেই ভুক্তভোগী অনেক কাতার প্রবাসী এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের সত্যতা যাচাই করে দূতাবাস এই কঠোর সতর্কবার্তা জারি করার সিদ্ধান্ত নেয়।
প্রবাসীদের উদ্দেশ্যে দূতাবাস অত্যন্ত গুরুত্বের সাথে জানিয়েছে- ইউরোপ বা আমেরিকার মতো দেশে যাওয়ার প্রলোভনে পড়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। যেকোনো ধরনের আর্থিক লেনদেনের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈধতা এবং অভিবাসন প্রক্রিয়ার সত্যতা যাচাই করে নেওয়া অপরিহার্য। লোভের বশবর্তী হয়ে যাচাই-বাছাই ছাড়া কাউকে কোনো প্রকার অর্থ না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে পরিবর্তন এবং বিভিন্ন দেশে কঠোর স্ক্রিনিং প্রক্রিয়ার খবরের মাঝে এ ধরনের প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, দালাল বা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে উন্নত দেশে যাওয়ার শর্টকাট রাস্তা খুঁজতে গিয়েই মানুষ এসব প্রতারণার ফাঁদে পড়ছে।
দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, প্রবাসীদের স্বার্থ রক্ষা এবং তাদের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাস সজাগ রয়েছে এবং এ বিষয়ে কাতার কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ রাখা হচ্ছে।
-এম. এইচ. মামুন










