আরবেলোয়ার অভিষেক ম্যাচে আলবাসেতের কাছে হেরে রিয়ালের বিদায়

বুধবার কোপা দেল রের শেষ ষোলর ম্যাচে দ্বিতীয় সারির দলের কাছে ৩-২ গোলে হেরে লজ্জাজনক বিদায় ঘটেছে রিয়াল মাদ্রিদের। আর রিয়ালের কোচ হিসেবে আলভারো আরবেলোয়ার অভিষেক হলো চরম হতাশার মধ্য দিয়ে।

গত সোমবার জাবি আলোনসোর স্থলাভিষিক্ত হন আরবেলোয়া। কার্লোস বেলমোনতে স্টেডিয়ামে জেফতে বেতানঙ্করের স্টপেজ টাইমের গোলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে আরবেলোয়ার শিষ্যরা। ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে এবং আরও বেশ কয়েকজন মূল খেলোয়াড় ছাড়া খেলতে নামা রিয়াল মাদ্রিদকে স্পেনের দ্বিতীয় বিভাগের ১৭তম স্থানে থাকা দলটির বিপক্ষে বেশ ধুঁকতে দেখা যায়।

ম্যাচে জাভি ভিলার গোলে শুরুতে এগিয়ে যায় আলবাসেতে, তবে বিরতির ঠিক আগে ফ্রাঙ্কো মাস্তানতুওনো সমতা ফেরান। ম্যাচের ৮২ মিনিটে জেফতে স্বাগতিকদের পুনরায় এগিয়ে দেন। এরপর ৯১ মিনিটে গঞ্জালো গার্সিয়া গোল করে ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের জন্য ম্যাচটি অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু জেফতে নিজের দ্বিতীয় গোলটি করে আলবাসেতের জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে সাংবাদিকদের আরবেলোয়া বলেন, “এই ক্লাবে ড্র করাটাই খারাপ ফলাফল—এটা একটা ট্র্যাজেডি। আর এমন হারের কথা কল্পনা করুন, এটা খুবই বেদনাদায়ক।” তিনি আরও বলেন, “আমি নিশ্চিত আমাদের সব সমর্থক একই ব্যথা অনুভব করছেন। বিশেষ করে যখন এটি নিচের সারির কোনো দলের বিপক্ষে ঘটে, যদিও আমরা জানি প্রতিপক্ষ যেই হোক, খেলা সব সময়ই কঠিন।”

“এই ফলাফলের জন্য যদি কেউ দায়ী হয়, তবে সেটা আমি। কারণ একাদশ সাজানো, খেলার ধরণ এবং বদলি খেলোয়াড় নামানোর সিদ্ধান্তগুলো আমারই ছিল। খেলোয়াড়দের ধন্যবাদ জানাতে চাই যেভাবে তারা আমাকে স্বাগত জানিয়েছে এবং আজ মাঠে যে প্রচেষ্টা দেখিয়েছে, তার জন্য।”

গত রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারের পর সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আলোনসোকে সরিয়ে রিজার্ভ দলের কোচ আরবেলোয়াকে দায়িত্ব দেন।

এই স্প্যানিশ কোচ রিজার্ভ দল থেকে দুজনকে মূল একাদশে জায়গা দেন—ডিফেন্সিভ মিডফিল্ডার হোর্হে সেস্তেরো এবং রাইট ব্যাক ডেভিড জিমেনেজ। শনিবার লেভান্তের বিপক্ষে লা লিগার ম্যাচের কথা মাথায় রেখে এমবাপ্পের পাশাপাশি গোলরক্ষক থিবো কোর্তোয়া এবং জুড বেলিংহামের মতো তারকাদের বিশ্রাম দেওয়া হয় আরবেলোয়া নিজের সিদ্ধান্তের পক্ষে বলেন, “আমি আবারও একই কাজ করব, আমি জেতার মতো একটি দলই মাঠে নামিয়েছিলাম।”

প্রথমার্ধের খেলা ছিল অনেকটা নিষ্প্রভ, তার ওপর ম্যাচের কয়েক মিনিটের মধ্যেই ঘন কুয়াশা নেমে আসে। ভিনিসিয়ুস জুনিয়র দূর থেকে শট নিলেও তা পোস্টের অনেক উপর দিয়ে চলে যায়। প্রথমার্ধের শেষ মুহূর্তের আগ পর্যন্ত কোনো দলই পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি।

তবে ৪২ মিনিটে কর্নার থেকে মাস্তানতুওনোর চোখ এড়িয়ে হেডে গোল করে আলবাসেতেকে এগিয়ে দেন ভিলার। বিরতির আগেই কর্নার থেকে আসা বল কাজে লাগিয়ে খুব কাছ থেকে গোল করে সমতা ফেরান মাস্তানতুওনো।

বিরতির পর রিয়াল মাদ্রিদকে হতাশ করে আলবাসেতে আক্রমণে ধার বাড়ায়। আন্দ্রি লুনিন রিকির একটি শট ফিরিয়ে দিলেও, কিছুক্ষণ পরেই আলবার্তো গঞ্জালেজের দলকে এগিয়ে দেন জেফতে। গঞ্জালো গার্সিয়ার ভুল ক্লিয়ারেন্স বক্সের ভেতর জেফতের পায়ে পড়লে তিনি জোরালো শট নেন, যা লুনিনকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।

স্টপেজ টাইমে রিয়ালের তরুণ ফরোয়ার্ড গার্সিয়া দুর্দান্ত হেডে গোল করে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেন এবং দলের সমতা ফেরান।

কিন্তু নাটকের তখনও বাকি ছিল। জেফতে লুনিনের মাথার ওপর দিয়ে চমৎকার ফিনিশিংয়ে আলবাসেতেকে এনে দেন ঐতিহাসিক এক জয়। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এটি তাদের ইতিহাসের প্রথম জয়।

আরবেলোয়া যোগ করেন, “আমি ব্যর্থতাকে ভয় পাই না; কেউ যদি এই হারকে ব্যর্থতা বলতে চায়, আমি তা বুঝতে পারি। তবে ব্যর্থতা সাফল্যেরই পথের অংশ; আমার কাছে এই দুটি বিপরীতমুখী নয়।” মাদ্রিদ অধিনায়ক দানি কারভাহাল বদলি হিসেবে নেমেও হার এড়াতে পারেননি। তিনি বলেন, খেলোয়াড়রা ক্লাবের এই দুঃসময় কাটাতে কঠোর পরিশ্রম করবে।

সাংবাদিকদের কারভাহাল বলেন, “আমরা আমাদের সেরা সময়ে নেই, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং আরও অনেক বেশি উজাড় করে দিতে হবে—এটাই বাস্তবতা।” “সমর্থকদের কাছে আমরা ক্ষমা চাইছি। আমরা এই ক্লাবের মানের সাথে সুবিচার করতে পারিনি, বিশেষ করে আমি। আগামী ম্যাচগুলোতে এবং সামনের মাসগুলোতে পরিস্থিতি বদলাতে আমরা জীবন দিয়ে লড়ব।”

অন্যান্য ম্যাচে, এলচেকে ২-১ গোলে হারিয়ে রিয়াল বেটিস এবং রায়ো ভায়েকানোকে ২-০ গোলে হারিয়ে আলাভেস কোয়ার্টার ফাইনালে উঠেছে। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা বৃহস্পতিবার দ্বিতীয় বিভাগের শীর্ষ দল রেসিং সান্তান্দারের মুখোমুখি হবে।