জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যাচার্য সেলিম আল দীনকে শ্রদ্ধায় স্মরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ নাট্যাচার্য সেলিম আল দীনের ১৯তম প্রয়াণ দিবস শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে কলা ও মানবিকী অনুষদের ডিন বলেন, সেলিম আল দীন আমাদের জাতির গর্ব। নাট্যকলাকে একাডেমিক চর্চার মর্যাদায় প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা অনস্বীকার্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারাদেশে নাট্যচর্চার যে বুদ্ধিবৃত্তিক ভিত্তি গড়ে উঠেছে, তার অন্যতম কারিগর তিনি। একই সঙ্গে পাশ্চাত্য ধারার বাইরে গিয়ে নিজস্ব সংস্কৃতি ও লোকায়ত ঐতিহ্যকে নাটকে তুলে ধরার পথও তিনি দেখিয়েছেন।

প্রয়াণ দিবস উপলক্ষে সকালে পুরাতন কলা ভবন থেকে একটি স্মরণযাত্রা শুরু হয়ে নাট্যাচার্য সেলিম আল দীনের সমাধি প্রাঙ্গণে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শেষ হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফাহমিদা আক্তার, অধ্যাপক ড. আমিনুল ইসলাম, অধ্যাপক ড. ইফসুফ হাসান অর্কসহ ‘সেলিম আল দীন ১৯তম প্রয়াণ দিবস উদযাপন পর্ষদ ২০২৬’-এর সদস্যরা। এ সময় বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফাহমিদা আক্তার বলেন, হাজার বছরের বাংলা নাট্যধারার ভেতর থেকে সেলিম আল দীন শিল্পের মৌলিক সূত্র অনুসন্ধান করেছেন। একই সঙ্গে নাট্যআঙ্গিক ভেঙে-গড়ে তিনি এক নতুন শিল্পভাষা নির্মাণ করেছেন। তাঁর নাটকে এই জনপদের জীবন উঠে এসেছে মহাকাব্যিক ব্যঞ্জনায়। তিনি আরও বলেন, যাঁর হাত ধরে এই বিভাগের যাত্রা শুরু, তাঁর সৃষ্টি ও শিল্পচিন্তা আজও বিভাগটির অনুপ্রেরণার মূল উৎস।

সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ঢাকা থিয়েটার, গ্রাম থিয়েটার, আরশিনগর, স্বপ্নদল থিয়েটার, ছাত্র-শিক্ষক কেন্দ্র, অফিসার সমিতি, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র, পুতুল নাট্য গবেষণা কেন্দ্র, অন্বিতা–সেলিম আল দীন বিদ্যাপীঠ, কাকতাড়ুয়া পাপেট, বুনন থিয়েটার, শহীদ টিটু থিয়েটারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কলাকুশলীরা।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে পুরাতন কলা ভবনে ‘সেলিম আল দীন ও বাংলা নাট্যের বিঔপনিবেশিক আত্মপরিচয়’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ পাঠ করেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. ইফসুফ হাসান অর্ক এবং দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ নিজার। সেমিনারের সভাপতিত্ব করেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. হারুন অর রশীদ খান।

উল্লেখ্য, নাট্যাচার্য সেলিম আল দীন ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজীতে জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। তাঁর উদ্যোগে ১৯৮৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের যাত্রা শুরু হয় এবং তিনি ছিলেন বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি। ২০০৮ সালের ১৪ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জান্নাতুল নূর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।