ফেনীর উত্তরাঞ্চলের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব। শীত মৌসুমের ঐতিহ্যবাহী দেশীয় পিঠা ও বাঙালি সংস্কৃতির স্বাদ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতেই এ ব্যতিক্রমধর্মী আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।
১৪ জানুয়ারি বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে পাঁচজন করে গঠিত মোট ১১টি টিম অংশগ্রহণ করে। প্রতিটি টিম পৃথক ১১টি স্টলে বাহারি রকমের ঐতিহ্যবাহী পিঠাপুলি ও দেশীয় নাস্তা প্রদর্শন ও পরিবেশন করে। রংবেরঙের পিঠা, সাজসজ্জা ও সৃজনশীল উপস্থাপনায় কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) মোঃ দিদারুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা শিক্ষা অফিসার মোঃ শফি উল্লাহ। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রভাষক জহিরুল ইসলাম রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, ইংরেজি দৈনিক এশিয়ান এইজ-এর সহ-সম্পাদক ইমরান ইমন এবং জেলা শিক্ষা অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা আব্দুল আজিজ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়ক ও যুগান্তকারী উদ্যোগ। তিনি শিক্ষার্থীদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান এবং এমন সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষাজীবনে বাস্তব অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানের সভাপতি কলেজ অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) মোঃ দিদারুল আলম বলেন, প্রথমবারের মতো এমন আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি প্রাণবন্ত ও সফল উৎসব সম্পন্ন হয়েছে। এ উদ্যোগের জন্য তিনি শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
এ ছাড়া কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পিঠা উৎসবকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে এ আয়োজন সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি ও সামাজিক সম্প্রীতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
ফেনী প্রতিনিধি










