ইরানের ওপর মার্কিন সামরিক হুমকি ‘অগ্রহণযোগ্য’: রাশিয়া

ইরানে চলমান অভ্যন্তরীণ অস্থিরতার সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক হস্তক্ষেপের হুমকির তীব্র সমালোচনা করেছে রাশিয়া। মস্কো এই ধরনের হুমকিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ এবং ‘বিপজ্জনক’ বলে অভিহিত করেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে জানান, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের যেকোনো ধরনের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

মারিয়া জাখারোভা অভিযোগ করেন, ইরানবিরোধী শক্তিগুলো সাধারণ মানুষের অর্থনৈতিক অসন্তোষকে পুঁজি করে দেশটিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। একে পশ্চিমা দেশগুলোর তথাকথিত ‘কালার রেভল্যুশন’ বা রঙিল বিপ্লবের কৌশল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “বহিরাগত উসকানিতে শান্তিপূর্ণ প্রতিবাদকে সহিংসতায় রূপ দেওয়ার চেষ্টা চলছে।”

মস্কোর মতে, দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, যার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। জাখারোভা আরও বলেন, ইরান সরকার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আগ্রহী হলেও ওয়াশিংটন একে অজুহাত বানিয়ে সামরিক পদক্ষেপের ছক কষছে।

গত ২৮ ডিসেম্বর থেকে ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়। দেশটির মুদ্রা রিয়ালের নজিরবিহীন দরপতন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী হওয়ার প্রতিবাদে এই আন্দোলন শুরু হলেও তা দ্রুত রাজনৈতিক রূপ নেয়। বর্তমানে এক মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মান ১৪ লাখে গিয়ে ঠেকেছে, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন।

বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, এবারের বিক্ষোভে দমন-পীড়নের ফলে এ পর্যন্ত অন্তত ৬৪৬ জন নিহত হয়েছেন। আটক করা হয়েছে ১০ হাজারেরও বেশি মানুষকে। তবে অনেক আন্তর্জাতিক সংস্থা এবং সংবাদমাধ্যমের ধারণা, ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে।

মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সাইবার হামলা থেকে শুরু করে সীমিত পরিসরে সামরিক হামলার মতো একাধিক ‘বিকল্প ব্যবস্থা’ নিয়ে আলোচনা করছেন। ট্রাম্পের এই অনমনীয় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে বড় ধরনের আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা সংকটের আশঙ্কা করছে রাশিয়া ও তার মিত্ররা।

-এম. এইচ. মামুন