গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন গণভোটে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, “আমরাই সবার আগে সংস্কারের দাবি করেছি। অতএব আমরা সংস্কারের পক্ষে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেব। এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত।”

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

লেভেল প্লেয়িং ফিল্ড ও অন্যান্য অভিযোগ
নজরুল ইসলাম খান বলেন, “আমরা সিইসিকে বলেছি, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করার অপচেষ্টা চলছে। নির্বাচন কমিশনের উচিত দ্রুত সেটা খতিয়ে দেখা, যাতে তেমন কোনো পরিস্থিতি সৃষ্টি না হয়।”

দ্বৈত নাগরিকত্ব ও প্রার্থীতা: দ্বৈত নাগরিকত্বের কারণে প্রার্থীতা বাতিলের বিষয়ে তিনি বলেন, “আমাদের বেশ কিছু প্রার্থী দুঃসময়ে দেশের বাইরে থাকতে এবং সেখানে নাগরিকত্ব নিতে বাধ্য হয়েছিলেন। তারা এখন সেই নাগরিকত্ব পরিত্যাগ করেছেন। সংবিধান অনুযায়ী এতে নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। আমরা ইসিকে বলেছি, কোনো নাগরিককে তার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা উচিত নয়।”

ফ্যামিলি কার্ড ও ইশতেহার: ফ্যামিলি কার্ডের বিষয়ে তিনি বলেন, “জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে আমরা দেশের মানুষের কল্যাণে বেশ কিছু কর্মসূচি হাতে নেব, যার মধ্যে ফ্যামিলি কার্ড একটি। এটি পরিবারের প্রধান মহিলার নামে হবে। আমাদের নির্বাচনী ইশতেহারে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।”

পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগ: পোস্টাল ব্যালটের নকশা নিয়েও আপত্তি জানিয়েছে বিএনপি। নজরুল ইসলাম খান অভিযোগ করেন, ব্যালট পেপারে উদ্দেশ্যমূলকভাবে কয়েকটি রাজনৈতিক দলকে প্রথম সারিতে রাখা হয়েছে, আর বিএনপির নাম ও প্রতীক মাঝখানে দেওয়া হয়েছে, যা ভাঁজ করলে ভালোভাবে নজরেই পড়ে না। দেশের ভেতরের পোস্টাল ব্যালটে এই কৌশল যেন কার্যকর না করা হয়, সে জন্য ইসিকে অনুরোধ করেছেন তারা।

ভোটারদের তথ্য সংগ্রহ: তিনি আরও অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দল সারা দেশে ভোটারদের আইডি কার্ড ও মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ভুয়া ভোটার তৈরি এবং অর্থ লেনদেনের অপচেষ্টার অংশ হতে পারে। এ বিষয়েও ইসিকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ড. মোহাম্মদ জকরিয়া এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।


মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক