দাগনভূঞায় সমীর দাস হত্যা: ভারতীয় গণমাধ্যমের সাম্প্রদায়িক অপপ্রচার শনাক্ত করলো বাংলাফ্যাক্ট

ফেনীর দাগনভূঞায় সমীর দাস নামে এক অটোরিকশাচালকের মৃত্যুকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যমে ছড়ানো সাম্প্রদায়িক অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’। নিহতের পরিবার ও স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে সাম্প্রদায়িক কোনো সম্পর্ক নেই।

ঘটনা কী এবং অপপ্রচার কী?
বাংলাফ্যাক্ট জানায়, গত রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাতে ফেনীর দাগনভূঞার দক্ষিণ করিমপুর এলাকা থেকে সমীর কুমার দাস (২৮) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের একাধিক গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে দাবি করে যে, হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণেই সমীর দাসকে হত্যা করা হয়েছে।

বাংলাফ্যাক্টের অনুসন্ধান ও পুলিশের বক্তব্য
বাংলাফ্যাক্টের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো যোগসূত্র নেই। দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বাংলাফ্যাক্টকে বলেন, “আমরা নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি এবং তাদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে এখানে কোনো সাম্প্রদায়িক বিষয় নেই।”

সমীর দাসের পরিবারের সদস্যরাও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তারা এটিকে সাম্প্রদায়িক হত্যাকাণ্ড বলে মনে করেন না।

অপতথ্যের বিস্তার
ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ও অপপ্রচার ছড়ানোর প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে, অন্তর্বর্তীকালীন সরকার এবং ২০২৪ সালের গণ-আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন দল ও সংগঠনকে লক্ষ্য করে এসব অপতথ্য ছড়ানো হচ্ছে।

‘বাংলা ফ্যাক্ট’ হলো পিআইবি’র একটি বিশেষায়িত টিম, যারা নিয়মিতভাবে ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম নিয়ে গবেষণা করে।


মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক