বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। সোমবার (১২ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদমর্যাদা ভোগ করবেন। যোগদানের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত ও প্রক্রিয়া
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (২০১৫ সালে সংশোধিত) এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের শর্ত হিসেবে তাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে বিদ্যমান সব ধরনের কর্মসম্পর্ক ও সংশ্লিষ্টতা ত্যাগ করতে হবে।
চুক্তিভিত্তিক এই নিয়োগের অন্যান্য শর্তাবলি অনুমোদিত চুক্তির মাধ্যমে চূড়ান্ত করা হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর আগে বিএফআইইউ’র প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন শাহীনুল ইসলাম। গত বছরের সেপ্টেম্বর মাসে সরকার তার নিয়োগ বাতিল করার পর থেকে পদটি শূন্য ছিল।
উল্লেখ্য, বিএফআইইউ দেশের প্রধান আর্থিক গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করে। সংস্থাটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সন্দেহজনক লেনদেন পর্যবেক্ষণ করে এবং মানিলন্ডারিং বা অর্থপাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মোঃ আশরাফুল আলম | উপ-সম্পাদক










