লক্ষ্মীপুর: বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি শান্তিপূর্ণ পরিবেশে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় লক্ষ্মীপুর পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি ভোট দেন। ওই কেন্দ্রের ভোটকক্ষে তিনিই প্রথম ভোটার ছিলেন।
ভোট প্রদান শেষে এ্যানি বলেন, “দীর্ঘ অপেক্ষার পর সুন্দর একটি পরিবেশ পেয়েছি। এ পরিবেশের মাধ্যমে দেশবাসী ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। আমার বিশ্বাস, শান্তিপূর্ণ পরিবেশ ও পরিস্থিতি অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “এ শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে আমরা যেন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি এবং পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারি। যার মাধ্যমে লক্ষ্মীপুরবাসী ঐক্যবদ্ধ থাকবে এবং আগামী দিনে উন্নয়নের অব্যাহত ধারা বজায় থাকবে। সবার পাশে আছি, সবার পাশে থাকব।”
এ সময় তাঁর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াতের প্রার্থী রেজাউল করিমসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, লক্ষ্মীপুর জেলার ৪টি আসনে মোট ২৯ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। জেলায় এবার ১৬ লাখ ৫ হাজার ১২১ জন ভোটার ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
-এমইউএম










