রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচন আবারও পেছানো হয়েছে। নতুন তারিখ অনুযায়ী, আগামী ২১ জানুয়ারির পরিবর্তে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ ফেব্রুয়ারি।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ব্রাকসুর ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও সহযোগী অধ্যাপক মাসুদ রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সংশোধিত তফসিল ঘোষণা করা হয়।
নতুন তফসিল অনুযায়ী সময়সূচি:
-
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ১৩ জানুয়ারি
-
মনোনয়নপত্র বিতরণ ও দাখিল: ১৪ ও ১৫ জানুয়ারি
-
মনোনয়নপত্র বাছাই: ১৮ জানুয়ারি
-
প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ: ১৯ জানুয়ারি
-
আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি: ২০ জানুয়ারি
-
মনোনয়নপত্র প্রত্যাহার: ২১ জানুয়ারি
-
প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ: ২২ জানুয়ারি
-
ভোটগ্রহণ: ২৫ ফেব্রুয়ারি (সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত)
ভোটগ্রহণ শেষে ভোট গণনা এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ বিষয়ে ব্রাকসুর ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মাসুদ রানা বলেন, “রবিবার নির্বাচন পরিচালনা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে ২৫ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী আমরা নতুন তফসিল ঘোষণা করেছি। এবার ঘোষিত তফসিলের আর কোনো ব্যত্যয় ঘটার অবকাশ নেই।”
শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচন বারবার পেছানোয় ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
মোঃ আশরাফুল আলম | উপ-সম্পাদক










