খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা করছে: শফিকুল আলম

বাসস: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তাঁর পরিবারের অনুরোধ মোতাবেক সরকার সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

গতকাল শনিবার শফিকুল আলম বাসসকে বলেন, বেগম জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তাঁকে বিদেশ পাঠানোসহ পরিবারের অনুরোধ মোতাবেক সরকার যথাযথ সহায়তা করে যাচ্ছে।

বিএনপির চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সহায়তা প্রসঙ্গে শফিকুল আলম এ কথা বলেন।শফিকুল আলম আরও বলেন, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীকে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে।