রাজধানীর তেজগাঁও এলাকা থেকে নিখোঁজ হওয়ার ১৯ দিন পেরিয়ে গেলেও এখনও মাদ্রাসাছাত্র ফারহান মীর (১৩)কে খুঁজে পাওয়া যায়নি। গত বছরের ২৫ ডিসেম্বর বিকেলে ফারহান ফার্মগেট সংলগ্ন তেজগাঁও এলাকা থেকে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়।
নিখোঁজ শিশুটির চাচা কুতুব উদ্দিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে বলা হয়েছে, ফারহান মীর চাঁদপুর জেলার সদর থানার কল্যানসী গ্রামের বাসিন্দা। সে রাজধানীর তেজগাঁও থানাধীন রহমতে আলম ইসলাম মিশন মাদ্রাসায় পড়াশোনা করত।
জিডি সূত্রে জানা গেছে, ২৫ ডিসেম্বর বিকেল আনুমানিক ২টার দিকে ফারহান রহমতে আলম ইসলাম মিশন মাদ্রাসা থেকে কাউকে কিছু না জানিয়ে বের হয়। এরপর থেকে সে আর ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গা ও আত্মীয়স্বজনের কাছে খোঁজ করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের সময় ফারহানের পরনে ছিল হলুদ রঙের পাঞ্জাবি, সাদা রঙের পায়জামা এবং মাথায় সাদা টুপি। তার উচ্চতা আনুমানিক ৩ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং মুখমণ্ডল গোলাকার।
যে কেউ ফারহানের সন্ধান পেলে তাকে রহমতে আলম ইসলাম মিশন মাদ্রাসা, ১ নম্বর রেলগেট, তেজগাঁও, ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছে। কোনো তথ্য জানা থাকলে মাদ্রাসার নম্বর ০১৯৯১১১৯০০৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
মালিহা










