বাংলাদেশের দ্রুত বিকাশমান ফ্রিল্যান্সিং খাতকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে জাতীয় পর্যায়ে ফ্রিল্যান্সার নিবন্ধন ও পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের ডিজিটাল প্ল্যাটফর্ম প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, নিবন্ধনের মাধ্যমে ফ্রিল্যান্সাররা একটি স্বীকৃত পরিচয়পত্র পাবেন। এই আইডি কার্ড ব্যবহার করে তারা সহজেই ব্যাংকিং সেবা গ্রহণ, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, বিভিন্ন আর্থিক প্রণোদনা, পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ফ্রিল্যান্সিং সেক্টরকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশের প্রথম জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের ডিজিটাল প্ল্যাটফর্ম freelancers.gov.bd–এর ভলনারেবিলিটি অ্যাসেসমেন্ট ও পেনিট্রেশন টেস্টিং সফলভাবে সম্পন্ন হয়েছে। এর ফলে প্ল্যাটফর্মটির নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
সরকারের মতে, এই উদ্যোগ তরুণ সমাজের আত্মকর্মসংস্থান বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কৌশলগত জাতীয় উদ্যোগ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ ছাড়া এই কার্যক্রমের মাধ্যমে ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের সঙ্গে ফ্রিল্যান্সারদের সংযোগ আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছে মন্ত্রণালয়। এর ফলে দেশের ডিজিটাল অর্থনীতি নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাবরিনা রিমি/










