এফএ কাপের তৃতীয় রাউন্ডে রীতিমতো শক্তির মহড়া দেখিয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার এতিহাদ স্টেডিয়ামে লিগ ওয়ানের দল এক্সেটার সিটিকে ১০–১ গোলে বিধ্বস্ত করেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
দলে যোগ দিয়েই গোল করে অভিষেক রাঙিয়েছেন অঁতোয়ান সেমেনিও। পাশাপাশি দীর্ঘ ২০ মাস পর গোলের দেখা পেয়েছেন রদ্রি, আর রিকো লুইস করেছেন জোড়া গোল। সিটির হয়ে প্রথম সিনিয়র গোলের স্বাদ পান তরুণ ম্যাক্স অ্যালেইন।
এ ছাড়া দুটি আত্মঘাতী গোলের পাশাপাশি তিজানি রেইনডার্স, নিকো ও’রাইলি এবং মাত্র ১৭ বছর বয়সী রায়ান ম্যাকআইডু গোলের খাতায় নাম লেখান। এক্সেটারের একমাত্র সান্ত্বনার গোলটি আসে ম্যাচের শেষ দিকে জর্জ বার্চের দুর্দান্ত শটে।
প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ ড্রয়ের হতাশা এবং মাঝ সপ্তাহে কারাবাও কাপের সেমিফাইনাল সামনে রেখে সিটির জন্য এটি ছিল প্রত্যাশামতোই স্বস্তির এক বিকেল।
ক্লাবের ইতিহাসে এটি অন্যতম বড় জয়। ১৯৮৭ সালে হাডার্সফিল্ডের বিপক্ষে একই ব্যবধানে জয়ের পর এত বড় ব্যবধানে আর জিতেনি সিটি। এর আগে ২০১৯ সালে বার্টনের বিপক্ষে তারা ৯–০ ব্যবধানে জয় পেয়েছিল।
এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে ছিলেন না কোচ পেপ গার্দিওলা। তবে একাদশ নির্বাচনেই স্পষ্ট ছিল, ম্যাচটিকে হালকাভাবে নেওয়ার কোনো ইচ্ছা তার নেই। ছয়টি পরিবর্তন আনলেও একাদশ ছিল যথেষ্ট শক্তিশালী।
৬ কোটি ২৫ লাখ পাউন্ডে বোর্নমাউথ থেকে আসা সেমেনিওর অভিষেকের পাশাপাশি শুরুর একাদশে ছিলেন রদ্রি ও আর্লিং হলান্ড। আর প্রথমবারের মতো সিটির জার্সিতে মাঠে নামেন তরুণ রায়ান ম্যাকআইডু।
-এমইউএম










