জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ অভিযোগ গঠন (চার্জ ফরমাল) শুনানি অনুষ্ঠিত হবে। আজ রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, আজ শুনানির শুরুতে প্রসিকিউশন পক্ষ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করবেন। এরপর আসামিপক্ষকে শুনবেন আদালত। তবে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আইনজীবী লিটন আহমেদ গত ৭ জানুয়ারি প্রস্তুতির জন্য ১৪ জানুয়ারি পর্যন্ত সময় চেয়ে আবেদন করেছেন। অন্যদিকে, পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়ের পক্ষে আইনি লড়াই করার জন্য রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী হিসেবে কাজ করবেন অ্যাডভোকেট মনজুর আলম।
এর আগে গত ১০ ডিসেম্বর জয়কে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছিলেন আদালত। গত ৪ ডিসেম্বর প্রসিকিউশনের জমা দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে বিশ্বে গণহত্যার তথ্য আড়াল করার চেষ্টা করেছিল আইসিটি মন্ত্রণালয়। প্রসিকিউশনের দাবি অনুযায়ী, এই ষড়যন্ত্রের ‘মাস্টারমাইন্ড’ বা মূল পরিকল্পনাকারী ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং বাংলাদেশে থেকে এই পরিকল্পনা বাস্তবায়ন করেছিলেন জুনাইদ আহমেদ পলক। ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যায় উসকানি ও সহায়তা প্রদানের দায়ে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এই মামলা করা হয়েছে।
শুনানি শেষে আদালত আজ অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী আদেশ বা দিন ধার্য করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
লামিয়া আক্তার










