বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। গত তিন দিনের ব্যবধানে এটি তাদের মধ্যে দ্বিতীয় দফা ফোনালাপ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে।
ফোনালাপে দুই দেশের শীর্ষ নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং সাম্প্রতিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে, আগামী ১০ জানুয়ারি (২০২৬) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য ওআইসির (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) ‘কাউন্সিল অব ফরেন মিনিস্টারস’ (সিএফএম) অধিবেশন সময়োপযোগীভাবে আহ্বানের জন্য উভয় নেতা সন্তোষ প্রকাশ করেন।
এর আগে, গত ৪ জানুয়ারি (রবিবার) প্রথমবারের মতো পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে ফোন করেছিলেন ইসহাক দার। সেই সময় তিনি চীনের বেইজিংয়ে দেশটির সঙ্গে পাকিস্তানের সপ্তম কৌশলগত সংলাপে অংশ নিতে অবস্থান করছিলেন। বেইজিং সফর চলাকালীনই তিনি ঢাকার সঙ্গে যোগাযোগ স্থাপন করেন।
আগামীকাল জেদ্দায় শুরু হতে যাওয়া ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই সম্মেলনটি মুসলিম বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। সম্মেলনে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সাইডলাইন বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কূটনৈতিক বিশ্লেষকরা।
সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের এই ধারাবাহিক যোগাযোগ দক্ষিণ এশিয়ায় নতুন ভূ-রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে।
-এম. এইচ. মামুন










