ঢাবিতে পিএইচডি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

ছবি- সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের জানুয়ারি–জুন সেমিস্টারের পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটের শিক্ষকদের মধ্য থেকে তত্ত্বাবধায়ক নির্বাচন করে তাঁর মাধ্যমে আবেদন জমা দিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.du.ac.bd) থেকে আবেদন ফরম ডাউনলোড করা যাবে। ভর্তি ফরমের জন্য জনতা ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি শাখায় এক হাজার টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারীদের ক্ষেত্রে ডিগ্রির সমতা নিরূপণের পর আবেদন করতে হবে।

পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য প্রার্থীদের এমফিল ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস স্টাডিজ অনুষদের ক্ষেত্রে স্বীকৃত জার্নালে অন্তত দুটি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত থাকতে হবে, যার মধ্যে একটি একক নামে হতে হবে।

শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণি অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। সিজিপিএ পদ্ধতিতে এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যন্ত জিপিএ–৫-এর মধ্যে ন্যূনতম ৩.৫ অথবা সিজিপিএ–৪-এর মধ্যে ৩ থাকতে হবে।

তিন বছর মেয়াদি স্নাতক ও এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রিধারীদের ক্ষেত্রে অতিরিক্তভাবে শিক্ষকতা, গবেষণা অথবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং স্বীকৃত জার্নালে অন্তত দুটি গবেষণাপত্র প্রকাশিত হতে হবে।

আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটে জমা দিতে হবে। তত্ত্বাবধায়কের সুপারিশক্রমে বিভাগীয় একাডেমিক কমিটি, পিএইচডি উপকমিটি, অনুষদ সভা, বোর্ড অব অ্যাডভান্সড স্টাডিজ এবং একাডেমিক পরিষদের অনুমোদনের মাধ্যমে ভর্তির চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামের মেয়াদ চার বছর এবং খণ্ডকালীন প্রোগ্রামের মেয়াদ পাঁচ বছর নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট অনুষদে কোর্সওয়ার্ক বাধ্যতামূলক থাকবে। ভর্তির অনুমোদন পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি ফি ও প্রতিবছর রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।

মেধার ভিত্তিতে সর্বোচ্চ ৩০ জন গবেষককে মাসিক ভিত্তিতে বিশ্ববিদ্যালয় নির্ধারিত হারে বৃত্তি দেওয়া হবে। চাকরিরত বা অন্য উৎস থেকে আর্থিক সহায়তাপ্রাপ্ত গবেষকরা এই বৃত্তির জন্য যোগ্য বিবেচিত হবেন না। এ ছাড়া মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অর্থায়নে আরও দুটি বৃত্তি প্রদান করা হবে।

থিসিস জমার আগে গবেষকদের কমপক্ষে দুটি উন্মুক্ত সেমিনার আয়োজন করতে হবে। পাশাপাশি স্বীকৃত পিয়ার-রিভিউড জার্নালে একক অথবা প্রথম/যোগাযোগকারী লেখক হিসেবে অন্তত একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করা বাধ্যতামূলক।

উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে উল্লিখিত সব যোগ্যতা ও শর্ত পূরণকারী প্রার্থীরাই পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। কোনো তথ্য গোপন বা ভুল প্রমাণিত হলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

-মালিহা নামলাহ