নতুন বছরের শুরুতেই আবারও লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরেছেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। তবে এবারের প্রত্যাবর্তনটা একেবারেই আলাদা এবং বিস্ময়কর। দ্বিতীয় সন্তান ‘কাজু’র জন্মের মাত্র ১৮ দিনের মাথায় শুটিং সেটে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছেন এই তারকা। মাতৃত্বের বিশ্রাম না নিয়েই কাজে ফেরা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা ও প্রশংসা।
এই সুযোগে পাপারাজ্জিরা মজা করেই প্রশ্ন করেন, কাজুর পর কি এবার পরিবারের নতুন সদস্য ‘কিশমিশ’ আসছে? অর্থাৎ তৃতীয় সন্তানের কোনো পরিকল্পনা আছে কি না। বরাবরের মতো রসিক ভঙ্গিতে ভারতী উত্তর দেন, ‘অবশ্যই কিশমিশ আসবে! আমরা থামছি না। আমাদের জীবনে এমন আনন্দের মুহূর্ত আবারও আসবে।’ তার এই মন্তব্যে হাসিতে ফেটে পড়েন উপস্থিত সবাই।
সম্প্রতি শুরু হয়েছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘লাফটার শেফস সিজন ৩’-এর শুটিং। এই শোতে কৃষ্ণা অভিষেক, কাশ্মীরা শাহ, করণ কুন্দ্রা, এলভিশ যাদব ও গুরমিত চৌধুরীর মতো পরিচিত মুখদের উপস্থিতি থাকলেও সব আলো যেন কেড়ে নেন ভারতী নিজেই। সদ্য মা হয়েও যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, তা দেখে মুগ্ধ হয়েছেন দর্শক থেকে শুরু করে সহকর্মীরাও। অনেকেই তার এই মানসিক শক্তিকে কুর্নিশ জানিয়েছেন।
শুটিং সেটে কাজুর জন্ম উপলক্ষে মিষ্টি বিতরণ করেন ভারতী। সেই সময় পাপারাজ্জিরা জানতে চান, কবে ভক্তদের সঙ্গে কাজুর পরিচয় করিয়ে দেবেন তিনি। হাসিমুখে ভারতী জানান, ‘গোলা আর কাজু দুজনেই এখন বাড়িতে আছে। কেউ যদি ক্যামেরা ছাড়া ব্যক্তিগতভাবে দেখা করতে আসেন, তাহলে অবশ্যই পরিচয় করিয়ে দেব।’ তার এই মন্তব্যে স্পষ্ট, সন্তানদের বিষয়ে এখনই খুব বেশি প্রকাশ্যে আসতে চান না তিনি।
উল্লেখ্য, প্রথম সন্তান গোলার জন্মের পর ভারতী মনেপ্রাণে একটি কন্যাসন্তান চেয়েছিলেন। দ্বিতীয়বার মা হওয়ার সময় তাই তিনি ছিলেন ভীষণ আবেগপ্রবণ। কাজুর জন্মের পর হাসপাতালে সন্তানকে প্রথমবার কোলে নেওয়ার মুহূর্তে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। মাতৃত্বের সেই আবেগ, আনন্দ আর ভালোবাসাই যেন এখন আরও শক্ত করে তুলেছে ভারতীকে।
অল্প সময়ের ব্যবধানে কাজে ফিরে ভারতী আবারও প্রমাণ করলেন, তিনি শুধু একজন সফল কমেডিয়ানই নন, বরং একজন দৃঢ়চেতা নারীও। পরিবার আর কাজ—দু’দিক সামলেই হাসি ছড়িয়ে দিতে জানেন তিনি।
-বিথী রানী মণ্ডল










