‘বিহান’ একটি সংস্কৃত শব্দ। এর অর্থ ভোর বা সকাল। নতুন দিনের শুরু, নতুন আলোর আগমন—সব মিলিয়ে নামটির মধ্যেই যেন নতুন জীবনের প্রতীক লুকিয়ে আছে। অনেকেই মনে করছেন, এই নামের মধ্য দিয়ে নিজেদের জীবনের এক নতুন অধ্যায়ের কথাই তুলে ধরেছেন ভিকি ও ক্যাটরিনা। সন্তানের জন্মের মাধ্যমে তাদের জীবনে যে এক নতুন যুগের সূচনা হয়েছে, নামটিও সেটারই প্রতিফলন।
নেটিজেনদের মধ্যে ভিকি-ক্যাটের সন্তানের নাম জানার আগ্রহ ছিল অনেক দিনের। ছবি প্রকাশের সঙ্গে সঙ্গেই তাই কমেন্ট বক্স ভরে যায় শুভেচ্ছা ও ভালোবাসার বার্তায়। কেউ লিখেছেন আশীর্বাদ, কেউ আবার ছোট্ট বিহানের জন্য ভালোবাসা আর দোয়া পাঠিয়েছেন। অনেক ভক্তই জানিয়েছেন, তারকা দম্পতির জীবনের এই নতুন অধ্যায় দেখে তারা সত্যিই আপ্লুত।
স্যোশাল মিডিয়ায় সন্তানের ছোট্ট হাতের ছবি পোস্ট করে আবেগঘন ক্যাপশন লিখেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ক্যাপশনে তারা লেখেন, ‘আমাদের আলোর রশ্মি বিহান কৌশল। আমাদের প্রার্থনার ফল। জীবন সত্যিই সুন্দর। এক মুহূর্তে আমাদের জীবন বদলে গেছে। আমি কতটা কৃতজ্ঞ, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’ এই একটি পোস্টেই অনুরাগীদের দীর্ঘদিনের কৌতূহলের অবসান ঘটে। প্রকাশ্যে আসে ভি-ক্যাট দম্পতির সন্তানের নাম।
শুধু সাধারণ ভক্তরাই নন, বলিউডের তারকারাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ছোট্ট বিহানকে। অভিনেত্রী পরিণীতি চোপড়া মন্তব্য করেছেন, ‘ছোট্ট বেবি, অনেক ভালোবাসা।’ দিয়া মির্জা, ভূমি পেডনেকার, হৃতিক রোশান, অদিতি রাও হায়দারি—বলিউডের একাধিক পরিচিত মুখ এই পোস্টে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। তারকাদের এই উচ্ছ্বাসই প্রমাণ করে, ভিকি-ক্যাট দম্পতি ইন্ডাস্ট্রিতে কতটা প্রিয়।
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের প্রেম ও বিয়ে বরাবরই ছিল আলোচনার কেন্দ্রে। দীর্ঘ সময় সম্পর্কের কথা আড়ালে রাখার পর ২০২১ সালের ডিসেম্বরে তারা বিয়ের পিঁড়িতে বসেন। রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় অত্যন্ত ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবল ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা। জাঁকজমক নয়, বরং ব্যক্তিগত ও শান্ত আয়োজনেই নতুন জীবনের সূচনা করেছিলেন তারা।
এবার সন্তানের আগমনে সেই জীবন আরও পূর্ণতা পেল। ভিকি ও ক্যাটরিনার জীবনে ‘বিহান’ শুধু একটি নাম নয়, বরং ভালোবাসা, প্রার্থনা আর নতুন সকালের প্রতীক হয়ে উঠেছে।
-বিথী রানী মণ্ডল










