ইসমাইল ইমন | চট্টগ্রাম
আসন্ন জাতীয় নির্বাচনকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, “বিএনপি বরাবরই জনগণের ভোটে ক্ষমতায় এসেছে এবং ভবিষ্যতেও শুধুমাত্র জনগণের রায়ের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চায়। পেছনের দরজা দিয়ে নয়।”
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে নগরীর কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ানের সমর্থনে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান
ডা. শাহাদাত হোসেন বলেন, “আমাদের লক্ষ্য একটাই, এই নির্বাচনে বিজয়ী হয়ে দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করা। ৩০০ সংসদীয় আসনে বিজয় অর্জনের মাধ্যমেই আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করতে চাই।” তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে বলেন, “আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দেবেন। দেশের স্বার্থে ধানের শীষের প্রতীক বেছে নেবেন।”
তিনি আরও বলেন, “বিএনপি একমাত্র দল যার দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। দেশ চালাতে কেবল রাজনৈতিক দল পরিচালনার অভিজ্ঞতা নয়, বরং সাহস, জ্ঞান, দক্ষতা ও চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা প্রয়োজন, যা বিএনপির আছে।”
সেন্টার কমিটি গঠনের নির্দেশ
নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ভোটকেন্দ্রে ধাপে ধাপে সেন্টার কমিটি গঠনের নির্দেশ দেন ডা. শাহাদাত। তিনি বলেন, “এই কমিটিতে যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গসংগঠনের কর্মীদের অন্তর্ভুক্ত করতে হবে। সমাজের নিরপেক্ষ ও সম্মানিত ব্যক্তিদেরও সম্পৃক্ত করতে হবে।”
প্রধান বক্তার বক্তব্যে আবু সুফিয়ান
সভায় প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, “আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে, কিন্তু পারেনি। কারণ বিএনপি জনগণের দল।” তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের প্রসঙ্গে বলেন, “আমরা চাই তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভোটে ফিরে আসুক। কারণ আমরা খালি মাঠে গোল দিতে চাই না, মাঠে খেলেই বিজয়ী হতে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি মাঠে পরীক্ষা হয়ে যাবে কার শক্তি কতটুকু।”
ঐক্যের ডাক দিলেন অন্য নেতারা
সভাপতির বক্তব্যে ৯ আসন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আবুল হাশেম বক্কর বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ বিজয়ী হবে।”
কর্মীসভায় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বক্তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আবু সুফিয়ানসহ চট্টগ্রামের সব আসনে বিএনপির প্রার্থীদের বিজয়ী করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।










