রিপন আহমদ | মৌলভীবাজার প্রতিনিধি
আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দায়িত্বশীল সাংবাদিকতা জনগণের আস্থা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বুধবার (৭ জানুয়ারি) সকালে আঞ্চলিক তথ্য অফিস, সিলেট-এর আয়োজনে শহরের জাতীয় মহিলা সংস্থার হল রুমে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল আরও বলেন, “সঠিক ও নিরপেক্ষ তথ্য উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যম জনসচেতনতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখতে পারে। এটি জেলা প্রশাসনের উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কাজগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াও সহজ করে তোলে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা এবং অতিরিক্ত পুলিশ সুপার (পিপিএম) আসিফ মহিউদ্দিন। তারা নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের সঠিক তথ্য জানাতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের পরিচালক মো. আকিকুর রেজার সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন মৌলভীবাজার জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন।
সেমিনারে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এ সময় নির্বাচনকালীন প্রতিবেদন তৈরিতে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।










