প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতায় থাকার শুরুর বছরগুলোতে ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ সোনা সুইজারল্যান্ডে বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সুইস কাস্টমসের তথ্য উদ্ধৃত করে এই খবর জানিয়েছে রয়টার্স।
কাস্টমসের তথ্য অনুযায়ী, ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে ভেনেজুয়েলা থেকে সুইজারল্যান্ডে পাঠানো সোনার মূল্য ছিল প্রায় ৪.১৪ বিলিয়ন সুইস ফ্রাঙ্ক, যা মার্কিন ডলারে প্রায় ৫.২০ বিলিয়ন। এই সময়ে অন্তত ১১৩ মেট্রিক টন সোনা সুইজারল্যান্ডে রপ্তানি করা হয়।
সুইস সম্প্রচারমাধ্যম এসআরএফ জানায়, সোনাগুলোর উৎস ছিল ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংক। ওই সময় দেশটির অর্থনীতি গভীর সংকটে পড়ায় সরকার আর্থিক চাপ সামাল দিতে স্বর্ণের মজুত বিক্রির সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।
তবে ২০১৭ সালে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে পরিস্থিতি বদলে যায়। শুল্ক সংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত ভেনেজুয়েলা থেকে সুইজারল্যান্ডে আর কোনো সোনা রপ্তানি হয়নি।
এর আগে গত সোমবার সুইজারল্যান্ড সরকার মাদুরো ও তার ৩৬ জন সহযোগীর দেশটিতে থাকা সম্পদ জব্দ করার নির্দেশ দেয়।
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও মাদক চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ করে আসছিল। সর্বশেষ গত শনিবার আকস্মিক এক অভিযানে মার্কিন বাহিনী মাদুরোকে আটক করে। পরে তাকে নিউইয়র্কের একটি আদালতে মাদক পাচার ও মাদক-সন্ত্রাসবাদসহ একাধিক অভিযোগের মুখোমুখি করা হয়।
সূত্র : রয়টার্স
– এমইউএম










