রপ্তানি নথি জমা হবে অনলাইনে, নতুন নির্দেশনা জারি বাংলাদেশ ব্যাংকের

ছবি: সংগৃহীত

দেশের বৈদেশিক বাণিজ্য কার্যক্রম আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে রপ্তানি নথিপত্র অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে রপ্তানি সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন ও প্রক্রিয়াকরণ করা যাবে। এ বিষয়ে গত মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ইলেকট্রনিক প্ল্যাটফর্ম, ডিজিটাল স্বাক্ষর, ডিজিটালি সই করা এন্ডোর্সমেন্ট সার্টিফিকেট কিংবা সুইফট (SWIFT) বার্তার মাধ্যমে রপ্তানি নথিপত্র জমা ও অনুস্বাক্ষর করা যাবে। এ ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা লেনদেনে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে নিরাপদ তথ্য আদান-প্রদান, যথাযথ রেকর্ড সংরক্ষণ এবং ডিজিটাল স্বাক্ষরের সত্যতা যাচাই নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ট্রেড ফাইন্যান্সকে আধুনিক ও ডিজিটাল করার চলমান উদ্যোগের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে রপ্তানি কার্যক্রমে গতি আসবে, সময় ও ব্যয় কমবে এবং ব্যবসায়ীদের জন্য প্রক্রিয়া আরও সহজ হবে।

নির্দেশনা অনুযায়ী, এডি ব্যাংকগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ই-ইউআরসি বিধিমালা অনুসরণ করে নিরাপদ ব্যাংক-টু-ব্যাংক ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে রপ্তানি নথি প্রেরণ করতে পারবে। পেমেন্ট ও একসেপটেন্স-দুই ক্ষেত্রেই এই সুবিধা প্রযোজ্য হবে। তবে এর জন্য স্থানীয় ও বিদেশি ব্যাংকের মধ্যে পারস্পরিক সমঝোতা থাকতে হবে এবং বিক্রয় চুক্তিতে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

যেসব ক্ষেত্রে নথির ইলেকট্রনিক রেকর্ড আইনগতভাবে গ্রহণযোগ্য, সেখানে সব ডকুমেন্ট অনলাইনে পাঠানো যাবে। তবে মালিকানা বা স্বত্ব-সংক্রান্ত (টাইটেল) নথির ডিজিটাল কপি আইনগতভাবে গ্রহণযোগ্য না হলে, সেগুলো আগের মতো প্রচলিত পদ্ধতিতেই পাঠাতে হবে। প্রয়োজনে ব্যাংকগুলো ডিজিটাল স্বাক্ষর বা সুইফট বার্তার মাধ্যমে নথির বৈধতা নিশ্চিত করতে পারবে।

প্রাথমিক পর্যায়ে ব্যাংকগুলো পাইলট প্রকল্প হিসেবে এই সেবা চালু করার সুযোগ পাবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে নথিপত্র আদান-প্রদানের দীর্ঘসূত্রতা কমবে এবং দেশের বাণিজ্যব্যবস্থা আরও নিরাপদ, কার্যকর ও আধুনিক হয়ে উঠবে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বৈদেশিক বাণিজ্য সহজীকরণে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে রপ্তানি নথি ডিজিটালভাবে জমা দেওয়ার এই উদ্যোগ বাস্তবায়ন করা হলো।

আফরিনা সুলতানা/