দীর্ঘ প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে এগিয়ে আছেন ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের এ কে এম রাকিব এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে এগিয়ে আছেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের আবদুল আলীম আরিফ।
আজ বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে ধারাবাহিকভাবে এই ফলাফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন।
১৮ কেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী শীর্ষ পদগুলোর চিত্র নিম্নরূপ-
ভিপি: ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের এ কে এম রাকিব ২ হাজার ১৫৪ ভোট পেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ২ হাজার ১২৯ ভোট।
জিএস: এই পদে বড় ব্যবধানে এগিয়ে আছেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের আবদুল আলীম আরিফ। তিনি পেয়েছেন ২ হাজার ৩৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ৩০ ভোট।
এজিএস: এই পদেও এগিয়ে আছে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। এই প্যানেলের মাসুদ রানা ২ হাজার ৮৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার বিপরীতে ১ হাজার ৭৮০ ভোট পেয়েছেন আতিকুল ইসলাম তানজীল।
যেসব কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে- এখন পর্যন্ত ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, ফার্মেসি, সিএসই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফিন্যান্স, মার্কেটিং, অণুজীব বিজ্ঞান, দর্শন, বায়োকেমিস্ট্রি, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিজ্ঞান, পরিসংখ্যান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, আইন ও ভূমি প্রশাসন এবং চারুকলা অনুষদ কেন্দ্রের ফলাফল জানা গেছে।
নির্বাচন কমিশনার অধ্যাপক জুলফিকার মাহমুদ জানান, ওএমআর মেশিনের মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার সাথে ভোট গণনা চলছে। বাকি কেন্দ্রগুলোর ফলাফলও দ্রুত প্রকাশ করা হবে। গতকাল মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৬৬.১৮ শতাংশ।
-এম. এইচ. মামুন










