২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি রুটে বিমানের সরাসরি ফ্লাইট

ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর ঢাকা-করাচি রুটে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে যাচ্ছে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৯ জানুয়ারি থেকে এই রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে।

বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন-বৃহস্পতিবার ও শনিবার-ঢাকা-করাচি রুটে ফ্লাইট চলবে। ঢাকা থেকে রাত ৮টায় ফ্লাইট ছেড়ে করাচিতে পৌঁছাবে রাত ১১টায়। অন্যদিকে, করাচি থেকে রাত ১২টায় যাত্রা শুরু করে ঢাকায় পৌঁছাবে ভোর ৪টা ২০ মিনিটে।

নতুন এই রুট চালু হওয়ায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ব্যবসা, পর্যটন এবং পারিবারিক ভ্রমণের ক্ষেত্রেও নতুন সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান সর্বোচ্চ পর্যায়ে রাখতে তারা অঙ্গীকারবদ্ধ। আধুনিক উড়োজাহাজ ও প্রশিক্ষিত ক্রু দিয়ে এই ফ্লাইট পরিচালনা করা হবে।

টিকিট বুকিং ও ফ্লাইটসংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানের বিক্রয় অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্ট, কল সেন্টার (১৩৬৩৬ বা +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) এবং সংস্থাটির ওয়েবসাইট থেকে জানা যাবে।

এর আগে হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে যুক্তরাজ্যের ম্যানচেস্টার রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল বিমান। সেই সিদ্ধান্তের পরই করাচি রুট চালুর ঘোষণা এলো।

উল্লেখ্য, ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট দীর্ঘদিন বন্ধ ছিল। একসময় পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা পিআইএ এই রুটে ফ্লাইট চালালেও লোকসানের কারণে ২০১৮ সালে তা বন্ধ করে দেয়।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নতির ধারাবাহিকতায় গত বছর করাচি থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়ে। এর পর পাকিস্তানের বেসরকারি এয়ারলাইন এয়ার-সিয়াল বাংলাদেশে ফ্লাইট চালানোর অনুমতি পায়। এবার সেই ধারায় যুক্ত হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আফরিনা সুলতানা/