ভারতীয় স্পিনার দিপ্তিকে হটিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়ান পেসার

আজ নারীদের সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। অস্ট্রেলিয়ার পেসার অ্যানাবেল সাদারল্যান্ড ভারতের স্পিনার দিপ্তি শর্মাকে পিছনে রেখে বোলিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন। সাদারল্যান্ডের রেটিং পয়েন্ট ৭৩৬, আর দিপ্তির রেটিং ৭৩৫।

উল্লেখ্য, গত আগস্টে দিপ্তি প্রথমবার ৭৩৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠেন।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে হারমনপ্রিত কৌর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে ৪৩ বলে ৬৮ রানের ইনিংস খেলে দুই ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন (রেটিং ৬৩৪)। একই ম্যাচে শ্রীলঙ্কান ওপেনার হাসিনি পেরেরা ৬৫ রানের ইনিংস খেলেন এবং ৩১ ধাপ এগিয়ে ৪০তম স্থানে পৌঁছান (রেটিং ৪৯০)। এছাড়া ইমেশা দুলানি মাত্র ৬ ম্যাচে ৭৭ ধাপ এগিয়ে প্রথমবারের মতো সেরা ১০০-এ জায়গা করে নেন।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দিপ্তি শর্মা তৃতীয় স্থান ধরে রেখেছেন (রেটিং ৩৮২), আর অরুন্ধুতি রেড্ডি ২১ ধাপ এগিয়ে ৪৪তম স্থানে উঠে এসেছেন।

– এমইউএম/