৫ জানুয়ারি দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি অভিনেতা আন সাং-কি ৭৪ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। সোমবার সকালেই তিনি সিউলের সুনচুনহিয়াং বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর সময় তার পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন।
দ্য কোরিয়া টাইমস এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদন জানানো হয়েছে, গত ৩০ ডিসেম্বর, বাড়িতে খাবার খাওয়ার সময় আন সাং-কির গলায় খাবার আটকে যায়, ফলে তিনি অচেতন হন এবং হাসপাতালে ভর্তি করা হয়। ২০১৯ সালে তার ব্লাড ক্যানসার ধরা পড়েছিল। চিকিৎসার পর ২০২০ সালে ক্যানসার নিয়ন্ত্রণে আসে, তবে পরবর্তীতে তা পুনরায় ফিরে আসে। দীর্ঘদিন অসুস্থ থাকা সত্ত্বেও তিনি ২০২৩ সালে একটি চলচ্চিত্র উৎসবে প্রকাশ্যে দেখা দেন।
আন সাং-কি দক্ষিণ কোরিয়ার আধুনিক চলচ্চিত্রের ভিত্তি স্থাপনকারী একজন কিংবদন্তি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ১৪০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। শিশুশিল্পী হিসেবে ১৯৫৭ সালে ‘দ্য টোয়ালাইট ট্রেন’ দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। পরবর্তী বছরগুলোতে ‘আ ফাইন, উইন্ডি ডে’, ‘চিলসু অ্যান্ড মানসু’, ‘টু কপস’, ‘নোহোয়্যার টু হাইড’, ‘সিলমিডো’, ‘রেডিও স্টার’, ‘দ্য ডিভাইন ফিউরি’-এর মতো সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচকের প্রশংসা কুড়িয়েছে।
– এমইউএম/










