শাবনূরের সিনেমা দেখেই নায়িকা হওয়ার স্বপ্ন দেখেছি: তমা মির্জা

ঢাকাই সিনেমায় নায়িকাদের দীর্ঘ পথচলার কথা স্মরণ করে অভিনেত্রী তমা মির্জা বলেছেন, কিংবদন্তি শিল্পীদের কাজই তাকে অভিনয়ের পথে আসতে অনুপ্রাণিত করেছে। তমা মির্জা বলেন, “ঢাকাই সিনেমায় কয়েক দশকে অনেক নায়িকা এসেছেন। শাবানা আপা, কবরী আপা, ববিতা আপা—তাঁরা তো কিংবদন্তি।

শাবনূর ও মৌসুমী আপা আমাদের সময়ের নায়িকা। দুজনই আমার খুব প্রিয়। তবে শাবনূর আপার সিনেমা দেখেই নায়িকা হওয়ার স্বপ্ন দেখেছি।” শাবনূরের অভিনয় তমা মির্জার মনে গভীর প্রভাব ফেলেছিল। তিনি বলেন, “‘আনন্দ অশ্রু’, ‘চার সতীনের ঘর’, ‘মোল্লাবাড়ির বউ’, ‘কে অপরাধী’—এই সিনেমাগুলো আমার খুব ভালো লাগার। শাবনূর আপার অভিনয় ভালো লাগার কারণেই আমার মনে নায়িকা হওয়ার স্বপ্ন জেগেছে।”

চিত্রনায়িকা তমা মির্জা ‘নদীজন’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ক্যারিয়ারে তিনি বাণিজ্যিক ছবির পাশাপাশি গল্পনির্ভর ও ভিন্ন ধারার সিনেমাতেও কাজ করেছেন। ওয়েব ফিল্মে অভিনয় করেও দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। বিশেষ করে আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধে তাঁর কাজগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়।

গত বছর মুক্তি পাওয়া তার অভিনীত সিনেমা ‘দাগী’ এবং ওয়েব ফিল্ম ‘আমলনামা’ দর্শকরা সাদরে গ্রহণ করেছেন। নতুন বছরে দুটি নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

বর্তমান ইন্ডাস্ট্রি পরিস্থিতি নিয়ে তমা মির্জা বলেন, “এখন কাজ কম, কিন্তু প্রতিযোগিতা বেশি। আগে কাজ বেশি ছিল, প্রতিযোগিতাও ছিল। এখন কাজের সংখ্যা কমে গেছে, অথচ প্রতিযোগিতা বেড়েছে। তবুও আমার চাওয়া ভালো কাজ করে যাওয়া। বছরে কম কাজ করব, কিন্তু এমন কাজ করতে চাই, যা মানুষ মনে রাখবে।”

-এমইউএম