গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দিলেন রুমিন ফারহানা, মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা তার নির্বাচনি পথসভার মঞ্চ প্রতিপক্ষের লোকজন ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছেন। গতকাল সোমবার, (৫ জানুয়ারি) বিকেলে সরাইলের অরুয়াইল বাজার এলাকায় তিনি এই অভিযোগ করেন।

উপজেলার হাওরবেষ্টিত অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে গতকাল বিকেলে রুমিন ফারহানার বক্তব্য দেওয়ার কথা ছিল। সকাল থেকে কলেজ মাঠে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। কিন্তু ওই মঞ্চে তিনি সভা করতে না পেরে তাঁর গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দেন।

উপস্থিত লোকজনের উদ্দেশে রুমিন ফারহানা বলেন, ‘আপনারা ভালোবাইসা আমারে বলেন “বাঘিনী কন্যা”। আর আমি আমার নিজেরে কই “সরাইল্লা মোরগ”। সরাইল্লা মোরগ মইরা যায়, হার মানে না। মানুষ আমার সঙ্গে যদি থাকে, আল্লার ওপর ভরসা রাইখা বলি, দুনিয়ায় কোনো শক্তি নাই রুমিন ফাহানাকে আটকায়। এই আসনের নির্বাচন হবে সত্যের পক্ষে, সাহসের পক্ষে।’

সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রুহিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক–বিষয়ক সহসম্পাদক ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে জোটের প্রার্থী করা হয়েছে। রুমিন ফারহানা এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় গত ৩০ ডিসেম্বর বিএনপি রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করে।
-মামুন/