রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতে খেলতে যাবে না বাংলাদেশ

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতে বাংলাদেশের ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিছু রাজনৈতিক ও উগ্র ধর্মীয় সংগঠনের হুমকির মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই সিদ্ধান্ত নেওয়ায় বিসিবির মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

সোমবার (৫ জানুয়ারি ) বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে খোলা শোকবইয়ে স্বাক্ষর শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, একক কোনো খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত না হলে, বিশ্বকাপে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, সংবাদকর্মী ও দর্শকদের মতো বড় বহরের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে—এ প্রশ্নই এখন সামনে আসছে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, “এ মুহূর্তে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা নিরাপদ বলে আমরা মনে করছি না। নিরাপত্তা একটি বড় দুশ্চিন্তা। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অসম্মানজনক।”

বিসিবির উদ্বেগ কমাতে আজ আইসিসির সঙ্গে অনলাইন সভায় বিসিসিআইর মাধ্যমে বাংলাদেশ দলকে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব আসতে পারে বলে জানা গেছে। তবে তাতেও বিসিবি রাজি নয় বলেই বোর্ড সূত্রে জানা গেছে। বিসিবি তাদের অবস্থানে অটল রয়েছে—ভারতে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচ তারা খেলবে না। এ বিষয়ে আইসিসির সঙ্গে আলোচনা করার জন্য আজ অনলাইন সভা হওয়ার কথা রয়েছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দেশ টুর্নামেন্টে অংশ না নিলে যুক্তিসংগত কারণ দেখাতে হয়। অতীতে ভারত–পাকিস্তান সফর বাতিলের ক্ষেত্রেও ‘সরকারি নিষেধাজ্ঞা’কে গ্রহণযোগ্য কারণ হিসেবে মেনে নিয়েছে আইসিসি। এমন নজিরে ভর করেই বিসিবি এবার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের ম্যাচ অন্য দেশে সরানোর প্রস্তাব দিয়েছে। উল্লেখ্য, এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সরকারের নির্দেশনার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। নিরাপত্তার প্রশ্ন শুধু খেলোয়াড়দের নয়, বাংলাদেশ থেকে যাঁরা বিশ্বকাপ কাভার করতে যাবেন—সবার। তাঁদের নিরাপত্তা কে নেবে?”

ভারতে বিশ্বকাপ না খেলার বিষয়ে বিসিবির এই অনড় অবস্থান বিসিসিআইয়ের ওপর সাংগঠনিক চাপ সৃষ্টি করেছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

-মামুন