২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে দেখা যাবে কি না এমন প্রশ্নে স্পষ্ট ও দৃঢ় অবস্থান জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার মতে, বয়স নয়; পারফরম্যান্স ও ফিটনেসই হওয়া উচিত নির্বাচনের একমাত্র মানদণ্ড।
একটি অনুষ্ঠানে ধারাভাষ্যকারের প্রশ্নে ধোনি প্রথমে মজা করে না শোনার ভান করলেও পরে সরাসরি নিজের মত তুলে ধরেন। তিনি বলেন, “কেন নয়? প্রশ্ন হওয়া উচিত কেন কেউ পরের বিশ্বকাপে খেলতে পারবে না? আমার কাছে বয়স কোনো মানদণ্ড নয়। পারফরম্যান্স ও ফিটনেসই আসল বিষয়। কাউকে আলাদা করে কিছু বলার দরকার নেই, কিন্তু সবার জন্য একই মানদণ্ড প্রযোজ্য হওয়া উচিত।”
নিজের ক্যারিয়ারের উদাহরণ টেনে ধোনি বলেন, “আমি যখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করি, তখন বয়স ছিল ২৪। তখন কেউ এসে বয়স নিয়ে প্রশ্ন তোলেনি। এখন কেউ এক বছর, দুই বছর বা দশ বছর খেলুক বয়স নিয়ে কথা বলার দরকার নেই।”
ফিটনেসের গুরুত্ব আরও জোর দিয়ে তুলে ধরে তিনি বলেন, “বয়স কি কোনো বিষয়? না। ফিটনেস কি বিষয়? হ্যাঁ। আপনি যদি ২২ বছর বয়সীও হন কিন্তু ফিট না থাকেন, তাহলে দলে থাকার কথা নয়। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার নির্দিষ্ট মানদণ্ড আছে।”
রোহিত ও কোহলির পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের ক্ষেত্রেও একই নীতির কথা উল্লেখ করেন ধোনি। তিনি বলেন, “কারও বয়স ৩০ পেরিয়েছে বলেই আমরা সিদ্ধান্ত নিতে পারি না সে পরের বিশ্বকাপে খেলবে কি না। সেটা তাদের সিদ্ধান্ত। যদি তারা ভালো পারফর্ম করে এবং দেশের জন্য কিছু করার তাগিদ রাখে, তাহলে কেন নয়?”
বিশ্বকাপের মতো বড় মঞ্চে অভিজ্ঞতার গুরুত্ব নিয়েও কথা বলেন ধোনি। তার মতে, দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার মধ্য দিয়ে এবং চাপের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার অভিজ্ঞতাই একজন ক্রিকেটারকে পরিপূর্ণ করে তোলে। বিশেষ করে ডেথ ওভারে বোলিং করা বোলার কিংবা নিচের দিকের ব্যাটসম্যানদের জন্য এই অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-এমইউএম










