পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন। আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেলে পাকিস্তান সরকারের পাশাপাশি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক্স হ্যান্ডলে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফ বিকেলে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের শোকবইয়ে স্বাক্ষর করেন। বাংলাদেশ হাইকমিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার ইসরাত জাহান, প্রেস কাউন্সিলর মো. তৈয়ব আলী ও কাউন্সিলর (কনস্যুলার) সরদার মোহাম্মদ নোমানুজ্জামান।
এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমী।










