জাপান হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ (জেডিএস)–এর মাস্টার্স প্রোগ্রামের ২৫তম ব্যাচের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। গত ৬ ডিসেম্বর থেকে অনলাইন আবেদন কার্যক্রম চালু হয়েছে, যা চলবে ৬ জানুয়ারি পর্যন্ত।
এই বৃত্তির আওতায় বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডার, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তা এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের প্রথম শ্রেণির কর্মকর্তারা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের অবশ্যই সরকারি চাকরিতে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া নারী প্রার্থীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করেছে জাপান কর্তৃপক্ষ।
জেডিএস বৃত্তি প্রকল্পটি চালু হয় ২০০১ সালে। এ পর্যন্ত মোট ৫৯০ জন ফেলো এই বৃত্তির মাধ্যমে জাপানে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। এর মধ্যে ৫৬৭ জন মাস্টার্স এবং ২৩ জন ডক্টরাল প্রোগ্রামে অধ্যয়ন করেছেন। জেডিএসের ২০২৬–২৭ শিক্ষাবর্ষে নির্বাচিত প্রার্থীরা জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দুই বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। পুরো প্রোগ্রামটি ইংরেজি মাধ্যমে পরিচালিত হবে। প্রতি বছর মাস্টার্স কোর্সে সর্বোচ্চ ৩০ জন প্রার্থীকে বৃত্তি দেওয়া হয়।
আবেদনকারীর যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
১ এপ্রিল ২০২৬ তারিখে বয়স ৪০ বছরের কম হতে হবে (অর্থাৎ জন্ম ২ এপ্রিল ১৯৮৬–এর পরে)।
মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীর কমপক্ষে ১৬ বছরের শিক্ষাজীবনসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এর মধ্যে অন্তত দুটি প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে।
ইংরেজি ভাষায় লিখিত ও কথ্য উভয় ক্ষেত্রেই ভালো দক্ষতা থাকতে হবে। আইইএলটিএস স্কোর জমা দেওয়া বাধ্যতামূলক। আইইএলটিএস ৬ বা তার বেশি স্কোরধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ১ জুন ২০২৪–এর পর নেওয়া আইইএলটিএস স্কোর গ্রহণযোগ্য হবে। যাঁদের বৈধ আইইএলটিএস স্কোর নেই, তাঁদের জন্য জিআইসিই আইএলটিএস পরীক্ষার ব্যবস্থা করবে, যা কেবল জেডিএস নির্বাচনের উদ্দেশ্যেই ব্যবহার করা যাবে।
যারা আবেদন করতে পারবেন না
বর্তমানে অন্য কোনো স্কলারশিপপ্রাপ্ত বা স্কলারশিপপ্রাপ্ত হওয়ার জন্য মনোনীত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না। বিদেশি স্কলারশিপের মাধ্যমে বিদেশে স্নাতকোত্তর বা উচ্চতর ডিগ্রি অর্জনকারীরাও অযোগ্য।
সিভিল সার্ভিস, জুডিশিয়াল সার্ভিস, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ বা বাংলাদেশ ব্যাংকে যোগদানের পর ডেপুটেশন বা অধ্যয়ন ছুটিতে স্নাতকোত্তর বা ডক্টরেট ডিগ্রি সম্পন্নকারীরাও আবেদন করতে পারবেন না।
তবে বেতনভুক্ত ছুটি ছাড়া অনলাইন বা সন্ধ্যাকালীন কোর্সে অংশগ্রহণকারীরা এ ক্ষেত্রে আবেদনযোগ্য হবেন।
আবেদন শেষ সময়
৬ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
এ বৃত্তি-সংক্রান্ত বিস্তারিত আবেদন নির্দেশিকা, নির্ধারিত ফরম ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে জেডিএসের ওয়েবসাইটে।
-মালিহা










