সাবরিনা রিমি
টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা জোরদার করতে দেশে অবৈধ ও নিবন্ধনহীন মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার বন্ধে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম কার্যকর করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে দেশের মোবাইল নেটওয়ার্কে কেবল বৈধ ও নিবন্ধিত হ্যান্ডসেটই ব্যবহার করা যাবে।
এনইআইআর চালুর ফলে কোনো গ্রাহক যদি তার নিবন্ধিত মোবাইল ফোন বিক্রি বা অন্যের কাছে হস্তান্তর করতে চান, তবে আগে অবশ্যই সেটটি ডি-রেজিস্ট্রেশন করতে হবে। ডি-রেজিস্ট্রেশনের সময় গ্রাহকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধিত একটি সিম সেই ফোনে থাকতে হবে এবং এনআইডির শেষ চারটি সংখ্যা প্রদান করতে হবে।
নিবন্ধিত হ্যান্ডসেট ডি-রেজিস্ট্রেশনের জন্য চারটি মাধ্যম নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো— সিটিজেন পোর্টাল, মোবাইল নেটওয়ার্ক অপারেটর (এমএনও) পোর্টাল, নির্ধারিত মোবাইল অ্যাপস এবং ইউএসএসডি কোড (*১৬১৬১#)।
বিটিআরসি জানিয়েছে, ডি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে সিম ব্যবহার করা হবে তা অবশ্যই গ্রাহকের নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত হতে হবে। এছাড়া কোনো হ্যান্ডসেটে ক্লোন বা ডুপ্লিকেট আইএমইআই নম্বর থাকলে ডি-রেজিস্ট্রেশনের সময় অতিরিক্ত তথ্য হিসেবে পরবর্তী ব্যবহারকারীর সিম নম্বর জমা দিতে হবে। এর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত ১৬ ডিসেম্বর এনইআইআর সিস্টেম চালুর ঘোষণা দেয়। তবে মোবাইল ফোন ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সেই সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রেখে সময় বাড়ানো হয়। প ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে এনইআইআর সিস্টেম কার্যকর করা হয়।
সূত্র : টেকজুম










