বিনোদন ডেস্ক: বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ‘আর্মি’র (বিটিএস ফ্যান) দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল, ২০২৬ সালের মার্চ মাসেই পূর্ণাঙ্গ গ্রুপ হিসেবে ফিরছে কে-পপ সেনসেশন বিটিএস।
সামরিক পরিষেবা শেষ করে ২০২৫ সালের জুনে ব্যান্ডের সব সদস্য— আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জংকুক পুনরায় একত্রিত হয়েছেন। এরপর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের নতুন গানের। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম এবং এজেন্সি বিগ হিট মিউজিকের বরাত দিয়ে জানা গেছে, মার্চে মুক্তি পেতে যাওয়া এই অ্যালবামটি হবে তাদের ‘চ্যাপ্টার ২’-এর প্রথম পূর্ণাঙ্গ দলীয় অ্যালবাম।
কী থাকছে নতুন অ্যালবামে?
ধারণা করা হচ্ছে, বিটিএসের এই কামব্যাক অ্যালবামটি তাদের আগের রেকর্ডগুলো ভেঙে দেবে। মিউজিক ইনসাইডারদের মতে, এই অ্যালবামে তাদের সিগনেচার হিপ-হপ সাউন্ডের সাথে নতুন ধারার পপ মিউজিকের সংমিশ্রণ থাকবে। অ্যালবামের নাম বা কনসেপ্ট এখনো গোপন রাখা হলেও, এটি যে বিশ্বজুড়ে বড় ধামাকা সৃষ্টি করতে যাচ্ছে, তা বলাই বাহুল্য।
নতুন অ্যালবামের খবরের সঙ্গেই বাতাসে ভাসছে আরও এক আনন্দের সংবাদ। শোনা যাচ্ছে, অ্যালবাম রিলিজের পরপরই একটি বিশাল ‘ওয়ার্ল্ড ট্যুর’-এর ঘোষণা দিতে পারে বিটিএস।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ‘#BTSComeback2026’ এবং ‘#TheKingsAreBack’ হ্যাশট্যাগ ট্রেন্ডিংয়ে উঠে এসেছে। এখন শুধু মার্চের অপেক্ষা।










