দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা খাতে আঞ্চলিক সহযোগিতা জোরদারে আগামী ১২ থেকে ১৫ জানুয়ারি চার দিনব্যাপী একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। সম্মেলন আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার এ সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করবেন এবং বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, সম্প্রতি ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সভাপতিত্বে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভায় সম্মেলনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
‘হায়ার এডুকেশন অ্যাক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের সহায়তায় রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় আগামী ১৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এ সম্মেলনের উদ্বোধন করা হবে।
সম্মেলনে আরও অতিথি হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিন এবং বিশ্বব্যাংকের বিভাগ পরিচালক জিয়ান পেসমে। পুরো সম্মেলনে সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
মালিহা নামলাহ










