মুন্সিগঞ্জ জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুন্সিগঞ্জ জেলায় প্রস্তাবিত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে একাডেমিক কার্যক্রম শুরুর অনুমোদন দেওয়া হবে। অর্থাৎ প্রয়োজনীয় ভবন, শিক্ষা ও চিকিৎসাসংক্রান্ত সুযোগ-সুবিধা নিশ্চিত হওয়ার পর শিক্ষার্থী ভর্তি ও পাঠদান শুরু করা হবে।
এর আগে গত বছরের ১১ নভেম্বর অন্তর্বর্তী সরকার একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন দেয়। অনুমোদন পাওয়া ওই প্রতিষ্ঠানটি হলো ঢাকার জুরাইন এলাকার ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ।
বর্তমানে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা ৩৭টি। মুন্সিগঞ্জে নতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদনের ফলে সরকারি পর্যায়ে চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
-মালিহা নামলাহ










