১১ দলীয় জোটের আসন সমঝোতার অংশ হিসেবে বরিশাল-৫ (সদর) আসন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি সুলতান মাহমুদ। জোটের বৃহত্তর ঐক্যের স্বার্থে তিনি এই আসনটি ছেড়ে দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করিমকে।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে মুফতি সুলতান মাহমুদ জানান, রাজনীতি কোনো ব্যক্তি বা পদকেন্দ্রিক বিষয় নয়; বরং এটি আদর্শ, শৃঙ্খলা ও ঐক্যের ওপর প্রতিষ্ঠিত। গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দলের সিদ্ধান্ত মেনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। দীর্ঘ সময় ধরে তার পাশে থাকার জন্য কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে জোটের সঙ্গে থেকে ইসলামী মূল্যবোধ ও জনকল্যাণমূলক রাজনীতিতে সক্রিয় থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন এই নেতা।









