দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এর আগে গত ৩০ ডিসেম্বর বুলাকীপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শরিফুল ইসলাম বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে ঘোড়াঘাট থানায় একটি এজাহার দায়ের করেন।
শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কুলানন্দনপুর এলাকায় অবৈধভাবে উত্তোলন করা বালুর একটি পয়েন্টে অভিযান চালিয়ে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার কুলানন্দনপুর এলাকার মমতাজ আলীর ছেলে শামীম মিয়া (৩৫) এবং একই এলাকার কালান হোসেনের ছেলে শরীয়ত হোসেন (৩০)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এবং শালিকাদহ পূর্ব ও পশ্চিমপাড়া এলাকায় করতোয়া নদী থেকে ছোট ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় এজাহার দায়ের করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বালুভর্তি একটি ট্রাক্টরসহ এজাহারনামীয় দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, এজাহারনামীয় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনের স্থান থেকে বালুভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। শনিবার গ্রেপ্তারকৃত আসামিদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে।
সাকিব হাসান নাইম
(ঘোড়াঘাট, দিনাজপুর)










