নিজেকে কোনো নির্দিষ্ট ইমেজের মধ্যে আটকে রাখতে চান না ইমরান হাশমি। তাই তিনি তার অভিনয়জীবনে বারবার ধরা দিয়েছেন ভিন্ন ধারার চরিত্রে। বাস্তব ঘটনার প্রেরণায় নির্মিত ছবি হক-এ তাকে সর্বশেষ দেখা গেছে।
এই ছবি থেকে শুরু করে ফিটনেস, চরিত্র নির্বাচন ও দীর্ঘ অভিনয়জীবন সবকিছু নিয়েই খোলামেলা কথা বলেছেন ইমরান। মুম্বাইয়ের এক পাঁচতারকা হোটেলে আয়োজিত এই সাক্ষাৎকারে আরও তিন সাংবাদিকের সঙ্গে ছিলেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধিও।
বয়স তার ৪৬। কিন্তু আজও ইমরানের ফিটনেস সবাইকে অবাক করে। এর রহস্য জানতে চাওয়া হলে অভিনেতা সোজাসাপটা জবাব দেন। ‘কোনো রহস্য নেই। আসলে আমার স্ত্রী আমাকে ঠিকমতো খেতে দেয় না’, হেসে বলেন অভিনেতা। তার কথায়, ‘শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনই আসল। নিয়মিত শরীরচর্চা আর ডায়েট ঠিক থাকলে ফিট থাকা কঠিন নয়। ডায়েটটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সব সময়ই ফিট ছিলাম, তবে এখন ছবির প্রয়োজনে নিজেকে আরও বেশি ফিট রাখতে হয়। এটা এখন আমার জীবনযাপনের অংশ হয়ে দাঁড়িয়েছে।’
-বিথী রানী মণ্ডল










