গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আলোচনা শুরু করল বাংলাদেশ ও ভারত

আগামী ডিসেম্বর ২০২৬-এ মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের লক্ষ্যে আলোচনা শুরু করেছে বাংলাদেশ ও ভারত। ১৯৯৬ সালে স্বাক্ষরিত এই চুক্তির ৩০ বছর পূর্তি সামনে রেখে দুই দেশ আগাম প্রস্তুতি হিসেবে যৌথভাবে আলোচনা ও কারিগরি কার্যক্রম শুরু করেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এর অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে গঙ্গা ও পদ্মা নদীর পানিপ্রবাহ পরিমাপ শুরু হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত প্রতি ১০ দিন অন্তর এই পরিমাপ চালানো হবে। ভারতের সেন্ট্রাল ওয়াটার কমিশনের (সিডব্লিউসি) উপপরিচালক সৌরভ কুমার ও সহকারী পরিচালক সানি আরোরা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। একই সময়ে চার সদস্যের একটি বাংলাদেশি প্রতিনিধিদল ভারতে গিয়ে যৌথ পরিমাপ কার্যক্রমে অংশ নিচ্ছে।

বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এই পরিমাপ ও তথ্য আদান-প্রদান ভবিষ্যৎ চুক্তি নবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশই ন্যায্য ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সমাধানে পৌঁছাতে আগ্রহী বলে তিনি উল্লেখ করেন।

-এম এম সি