ডিসেম্বরে সাত ব্যাংকের মাধ্যমে আসেনি কোনো প্রবাসী আয়

ছবি:সংগৃহীত

সদ্যসমাপ্ত ডিসেম্বর মাসে দেশে মোট ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। তবে এই সময়ে দেশের সাতটি ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় দেশে আসেনি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে জানানো হয়, ডিসেম্বরজুড়ে রেমিট্যান্স শূন্য থাকা ব্যাংকগুলোর মধ্যে রয়েছে একটি বিশেষায়িত ব্যাংক, দুটি বেসরকারি ব্যাংক এবং চারটি বিদেশি ব্যাংক।

বিশেষায়িত ব্যাংক হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি খাতের পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংকের মাধ্যমে ওই মাসে কোনো রেমিট্যান্স আসেনি। পাশাপাশি বিদেশি ব্যাংকের মধ্যে আল ফারাহ ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমেও ডিসেম্বর মাসে কোনো প্রবাসী আয় দেশে পাঠানো হয়নি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, একই সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৫৭ কোটি ২৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলো সবচেয়ে বেশি, ২২৯ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স সংগ্রহ করেছে। অন্যদিকে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে মাত্র ৬৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা এখন পর্যন্ত দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড। সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

আফরিনা সুলতানা/