বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা: আহত ৫, ক্যাম্পাসে উত্তেজনা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয় বহিরাগতরা অতর্কিত হামলা চালিয়েছে। গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেষমোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলের চারজন এবং মাওলানা ভাসানী হলের একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

আহত শিক্ষার্থীরা হলেন: পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিয়াম, ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় বর্ষের অন্তর ও ইমন, কৃষি অনুষদের প্রথম বর্ষের তানভীর (সবাই ঈশা খাঁ হলের আবাসিক শিক্ষার্থী)। এছাড়া আহত হয়েছেন মাওলানা ভাসানী হলের কৃষি অর্থনীতি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রিয়।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে। কয়েকজন বহিরাগতকে বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হল প্রাঙ্গণে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে চোর সন্দেহে আটক করেন শিক্ষার্থীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে হল প্রশাসনের হস্তক্ষেপে বহিরাগতদের ছেড়ে দেওয়া হয়।

এরই জের ধরে রাত ১১টার দিকে ঈশা খাঁ হলের কয়েকজন শিক্ষার্থী শেষমোড় এলাকায় রাতের খাবার খেতে গেলে স্থানীয়রা তাদের পথরোধ করে। বাকবিতণ্ডার একপর্যায়ে বহিরাগতরা শিক্ষার্থীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে এবং লোহার পাইপ দিয়ে আঘাত করে। এতে একজনের মাথা ও অন্যজনের নাক ফেটে যায়। হামলার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন হলের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় বেরিয়ে আসেন।

আহতদের উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে ময়মনসিংহ কোতোয়ালি থানা থেকে পুলিশ আনা হয়েছে। যারা শিক্ষার্থীদের ওপর এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছি।”

ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

-লামিয়া